ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রুক যখন ‘ক্যাপ্টেন ক্রাশ’

ব্রুক যখন ‘ক্যাপ্টেন ক্রাশ’
×

কোচ ম্যাককালামের সঙ্গে হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৮

সকালে নাশতার টেবিলে হঠাৎই কথাটি বলে ফেলেন ব্র্যান্ডন ম্যাককালাম। ‘কেমন হয়, যদি আজ তিনে ব্যাট করতে নামো। পাকিস্তান তো তোমার প্রিয় প্রতিপক্ষ।’ এতটুকু দ্বিধা করেননি কোচের প্রিয় শিষ্য হ্যারি ব্রুক, তখনই জানিয়ে দেন তিনি প্রস্তুত। তখনও দলের অন্যরা জানতেন না ম্যাচ শুরুর আগে মাঠে হার্ডেল করার সময়ই ইংল্যান্ডের কিউই কোচ ম্যাককালাম জানিয়ে দেন, তিন নম্বরে নামছে আজ তাদের অধিনায়ক হ্যারি ব্রুক। আর তারপর বাকিটা তো সবাই দেখেই নিয়েছে। ১৬৫ রান তাড়া করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখনই রূপকথার হ্যারি পটারের মতো জাদুকরি ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেন তিনি। ক্যাপ্টেন কুল নন, মাঠের চারদিকে ছড়ানো তাঁর  ৫০ বলে শতরানের ইনিংসটি আদতে ছিল ‘ক্যাপ্টেন ক্রাশ’-এর মতোই! ক্যান্ডির অমন পিচে যেখানে তাঁর সতীর্থরা মারতে গিয়ে উইকেট দিয়ে আসছেন, সেখানেই কিনা তিনি শাহিন শাহ আফ্রিদিকে সোজা ব্যাটে ছক্কা হাঁকিয়েছেন। ম্যাচ শেষে ব্রুক নিজেই জানিয়েছেন তাঁর এই ব্যাটিং অর্ডার বদলে মাস্টারমাইন্ড ছিলেন তাঁর প্রিয় কোচ ম্যাককালাম।

ইংল্যান্ডের বাজবলখ্যাত এই কোচের অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে অ্যাশেজ হারার পর। অতিমাত্রায় ঝুঁকি নেওয়ার জন্য তাঁকে তিরস্কারও করেছেন জিওফ্রে বয়কটের মতো সাবেকরাও। তবে ব্রুককে নিয়ে বরাবরই প্রশ্রয়ী ম্যাককালাম। অল্প বয়সেই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব পাওয়ার পেছনে ম্যাককালামের সমর্থন ছিল। এই পাকিস্তানের বিপক্ষেই বছর দুই আগে মুলতানে ৩১৭ রানের ইনিংস খেলেন ব্রুক ৩২২ বলে। সেই আক্রমণাত্মক মেজাজেই উসমান তারিকদের বিপক্ষে টি২০তেও সেঞ্চুরি করেছেন। ইতিহাস বলে, একই প্রতিপক্ষের বিপক্ষে এমন রেকর্ড রয়েছে কেবল ক্রিস গেইলের। ঠান্ডা মাথায় প্রতিপক্ষ বোলারদের লন্ডভন্ড করে নেওয়ার ‘বাজবল’ দর্শনের সার্থক রূপকার এই হ্যারি ব্রুক। গল্পের হ্যারি পটার যেমন তার রূপকথার জাদুদণ্ড দিয়ে শত্রুদের নিয়ন্ত্রণ করতেন, হ্যারি ব্রুকও তেমননি তাঁর ব্যাট দিয়ে পাকিস্তানি বোলারদের যেন সম্মোহিত করে নিয়েছিলেন এই ম্যাচটিতে। হ্যারি পটারের সেই ‘কুইডিচ’ খেলার মতোই তিনি মাঠে নেমেই দ্রুত রান তুলে নিয়েছিলেন। 

অথচ এই ব্রুকই এবারের বিশ্বকাপ আসর শুরু করেছিলেন দলের ৫ নম্বর ব্যাটিং অর্ডারে নেমে। শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিলেন চার নম্বরে। কিন্তু ইংল্যান্ড দলের টপ অর্ডারে জশ বাটলার বেথেল প্রত্যাশা পূরণ করতে না পারায় ব্রুককে নিয়েই বাজিমাত করেন ম্যাককালাম। তাঁর স্পিন খেলার পারদর্শিতার কারণেই চিন্তাটি মাথায় আসে তাঁর। তাছাড়া ব্রুকের সঙ্গে একটি অদৃশ্য যোগাযোগও থাকে তাঁর ম্যাচের সময়। ড্রেসিংরুম থেকে ওয়াকিটকি হাতে ড্রিঙ্ক ব্রেকের সময় তিনি বার্তা পাঠিয়ে দেন ব্রুককে। উইল জ্যাকস আর ব্রুকস মিলেই এদিন পাকিস্তানের সমস্ত আশা চুরমার করে দেয় ইংল্যান্ড। ম্যাচ শেষে শাহিন শাহ আফ্রিদি ব্রুকের এই জাদুকরি ইনিংসটাকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ বলে স্বীকৃতি দিয়েছেন। রমিজ রাজার কাছে ‘মাস্টার ক্লাস’, ওয়াসিমের কাছে ‘অসাধারণ’ আর নাসির হুসেইনের কাছে– ‘নেতৃত্বের আদর্শ উদাহরণ’। আসলে মাঠে উপস্থিতি প্রত্যেককে এদিন মোহিত করে রেখেছিলেন হ্যারি ব্রুক ঠিক হ্যারি পটারের মতোই।

আরও পড়ুন

×