ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপ শেষ রদ্রিগোর, আবেগঘন বার্তা নেইমারের

বিশ্বকাপ শেষ রদ্রিগোর, আবেগঘন বার্তা নেইমারের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১৬:১৫

বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র তিন মাসের মতো সময়। ঠিক এমন রোমাঞ্চকর ক্ষণের আগেই ব্রাজিল শিবিরে এল বড় দুঃসংবাদ। হাঁটুর চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ও ল্যাটেরাল মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় চলতি মৌসুমের বাকি অংশ থেকেও ছিটকে গেছেন প্রতিভাবান এই ফরোয়ার্ড।

সোমবার লা লিগায় গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে হারের অপ্রত্যাশিত ম্যাচেই এই চোট পান রদ্রিগো। কিছুদিন ধরেই তিনি হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন। পরীক্ষার পর রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তার এসিএল ও মেনিসকাসে বড় ধরনের ক্ষত ধরা পড়েছে। চিকিৎসা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অন্তত আট মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

বিশ্বকাপ ও ক্লাব মৌসুম শেষ হয়ে যাওয়ার খবরে মানসিকভাবে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন রদ্রিগো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। ক্যারিয়ারে বড় একটি বাধা এসেছে। কিছুদিনের জন্য আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি, তা করতে পারব না। ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময় এবং দেশের হয়ে বিশ্বকাপ দুটোই মিস করব, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। এখন শক্ত থাকা ছাড়া আমার আর কিছু করার নেই।’

২০২৩ সালে ঠিক একই রকম ভয়াবহ চোটের মধ্য দিয়ে যেতে হয়েছিল ব্রাজিলের পোস্টার বয় নেইমারকে। অনুজ সতীর্থের এই দুঃসময়ে তাই সমবেদনা জানাতে ভোলেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লেখেন, ‘এই চোটের কষ্ট, দুশ্চিন্তা আর ভয় সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। এখন সবচেয়ে জরুরি হলো মানসিকভাবে শক্ত থাকা। তুমি আরও শক্ত হয়ে ফিরবে।’

আরও পড়ুন

×