সিমন্সের ফোকাস মাঝের ওভারে
ছবি- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৩:১৮
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটাররা মিডলঅর্ডারে খেলতেন। তাদের বিদায়ে বড় শূন্যতা তৈরি করেছে জাতীয় দলে। অভিজ্ঞতার অভাব এক দিনের ক্রিকেটে নড়বড়ে করছে ব্যাটিং লাইনআপ; যার নেতিবাচক প্রভাব পড়েছে দলগত পারফরম্যান্সে। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সফরে ম্যাচ হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের। ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়েও পতন হয়েছে। সাত নম্বর থেকে নেমে গেছে ১০ নম্বরে।
পাকিস্তানের বিপক্ষে মিরপুরে কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দলকে পুনর্গঠন করতে হচ্ছে কোচ ফিল সিমন্সকে। মুশফিক-মাহমুদউল্লাহদের জায়গা পূরণ করতে তাই তো মিডলঅর্ডারে বেছে নিয়েছেন তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অংকনকে। ২০২৭ সালের বিশ্বকাপের আগে মিডলঅর্ডারকে ব্যাটিং লাইনআপের পিলার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কোচ ফিল সিমন্সের। আর সেজন্য লিটনকে নেমে যেতে হয়েছে মিডলঅর্ডারে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা দখল করে নিয়েছেন টপঅর্ডার।
কোচ সিমন্সের মতে, ‘৫০ ওভার কিপিং করে ব্যাটিং (টপঅর্ডার) শুরু করা খুব কঠিন। এ ছাড়া স্পিন বোলিং খেলার ক্ষেত্রে সে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। তার উপস্থিতি মাঝের ওভারে ভালো করতে সাহায্য করবে। সে অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে মিডলঅর্ডারে খেলছে। আশা করি, সে ওখানে দলের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।’ উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলীর ব্যাটে ছন্দপতন ঘটায় বিকল্প খুঁজতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। মাহিদুল ইসলাম অংকনের সঙ্গে নেওয়া হয়েছে আফিফ হোসেনকে। বিসিএল ওয়ানডেতে ওপেনিং ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি।
বাংলাদেশের গত এক বছরের ওয়ানডে পারফরম্যান্স ব্যবচ্ছেদে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। পাওয়ার প্লে ও স্লগ ওভার কিছুটা ভালো হলেও ১১ থেকে ৪০ ওভারে বেশির ভাগ ক্ষেত্রে কাঙ্ক্ষিত রান পায়নি দল। এই সিরিজ দিয়ে মাঝের ওভারে কার্যকর ব্যাটিং দেখতে চান সিমন্স, ‘মাঝের ওভারগুলোতে আমরা যতটা ভালো হতে চাই, ততটা ভালো ছিলাম না। এই একটা বিষয়ের ওপর আমাদের অনেক বেশি জোর দিতে হবে। কত রান, কত সিঙ্গেল, কত বাউন্ডারি ওই ওভারগুলো থেকে নেওয়া হবে, তা ঠিক করতে হবে। ৫০ ওভারের খেলায় এটা খুবই গুরুত্বপূর্ণ।’
সিমন্স সম্প্রতি গাণিতিক হিসাব নিয়ে ‘গেম প্ল্যান’ ঠিক করেন। এই কৌশল কাজে লাগিয়ে টি২০ ক্রিকেটে ভালো করেছে দল। বিশ্বকাপের আগে ওয়ানডে দলটাকে ভালোভাবে গড়ে তুলতে ব্যাটিংয়ে মিডলঅর্ডারকে শক্তিশালী করার পরিকল্পনা তাঁর। এ কারণে হোম সিরিজের ম্যাচগুলো ভালো উইকেটে খেলার পক্ষে টাইগার কোচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচের উইকেট দেখে খুশি তিনি। কোচের প্রত্যাশা, কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফল হবেন মেহেদী হাসান মিরাজরা।
- বিষয় :
- লিটন দাস
- বাংলাদেশ ক্রিকেট
- ফিল সিমন্স
