বাংলাদেশ-নিউজিল্যান্ড
রেটিং পয়েন্টে চোখ মিরাজের
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি-বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৭:৪৩
গত দেড় বছর দেশের ক্রিকেটে যে টানাপোড়েন গেছে এর প্রভাব একটু হলেও মাঠের ক্রিকেটে পড়েছে। এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তিন তিনজন সভাপতিকে দেখেছেন মেহেদী হাসান মিরাজরা। সবকিছু স্বাভাবিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি খেলতে নামার কথা ছিল নাজমুল হোসেন শান্তদের। সেই সুযোগ না থাকায় নিয়মিত প্রশিক্ষণ ও ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি নিয়ে কিউইদের বিপক্ষে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি খেলতে হচ্ছে মিরাজদের।
নিউজিল্যান্ড খর্ব শক্তির দল নিয়ে আসায় আর ঢাকার আবহাওয়ায় গরম হওয়ায় সিরিজের সবকিছুই বাংলাদেশের অনুকূলে। এই সুবিধা কাজে লাগিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শুরুটা ভালো করতে চায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে পাওয়া সাফল্যের ধারাবাহিকতা দেখাতে চায় কিউইদের বিপক্ষেও। বাংলাদেশ সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে রেটিং পয়েন্ট বেড়ে ৮৫ হবে। বর্তমানে ৭৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। সিরিজ ২-১ ব্যবধান হলে ৮৩ পয়েন্ট নিয়ে নবম স্থানেই থাকবে। সিরিজটি ২–১ ব্যবধানে হেরে গেলে পয়েন্ট হবে ৮১। আর প্রতিপক্ষের কাছে হোয়াইটওয়াশ হলেও র্যাঙ্কিংয়ে নবম স্থানেই থাকবে, তবে পয়েন্ট কমে ৭৮ হয়ে যাবে।
নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা আইপিএল ও পিএসএলে খেলছেন। বাংলাদেশের বিপক্ষে খেলতে আসা দলের ক্রিকেটারদেরও আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। এই দলটিকে কোনোভাবেই পিছিয়ে রাখতে চাননি কোচ সিমন্স। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অধিনায়ক মিরাজের কণ্ঠেও সেই সুর, ‘ওদেরকে ছোট করে দেখার কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব নিজেদের সর্বোচ্চটা দিয়ে ফল নিজেদের পক্ষে নেওয়ার। আমরা সিরিজ জিততে পারলে অনেক বড় একটা অর্জন হবে। যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে। তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ এটি।’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে এই নিউজিল্যান্ডের কাছেই সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই সফরেও বিকল্প খেলোয়াড় নিয়ে খেলছিল তারা। এবারও টম ল্যাথামের নেতৃত্বে দ্বিতীয় সেরা দল পাঠিয়েছে দেশটি। কিউই অধিনায়কের প্রত্যাশা, বিকল্প দল নিয়েও ভালো ক্রিকেট খেলে ২০২৩ সালের পুনরাবৃত্তি করা সম্ভব। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, ‘আমরা এখানে এসেছি সিরিজ জিততে। আমার মনে হয়, এটাই সবার মূল লক্ষ্য। আমরা জানি, ওই পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের অনেক কাজ করতে হবে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই এবং উন্নতি করতে চাই।’ কিউই অধিনায়ক যতটা আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলেছেন, বাস্তবে অত সহজ নাও হতে পারে। প্রথমত, বাংলাদেশ ওয়ানডে দলটি উন্নতির ধারায় আছে। প্রতি সিরিজেই কিছু কিছু উন্নতি করছেন লিটন কুমার দাসরা। এ ছাড়া দীর্ঘ দিন একই একাদশ খেলায় ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়াও ভালো। টানা ম্যাচ খেলে পরিণত হচ্ছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়রা। নতুন নির্বাচক প্যানেলও তাই গাজী আশরাফ হোসেন লিপুর দলে আস্থা রেখেছে। এই সিরিজেও মিরাজরা ভালো ক্রিকেট খেলতে পারলে দলে তেমন কোনো পরিবর্তন আনা হবে না। প্রধান নির্বাচক হাবিবুল বাশার ও কোচ ফিল সিমন্স তেমন বার্তা দিয়ে রেখেছেন। একজন ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথা বলেছেন অধিনায়ক মিরাজও।
কিউইদের বিপক্ষে এই সিরিজের ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত রাখা হতে পারে। গা-গরমের ম্যাচে ওপেনার সাইফ অপরাজিত শতক (১৩৮ রান) করে মিরপুরে দুটি ম্যাচ খেলা নিশ্চিত করে ফেলেছেন। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সে নিশ্চয়তাও পেয়েছেন ডানহাতি এ ব্যাটার। ডান-বাঁ মেলাতে গিয়ে তানজিদের সঙ্গে সাইফের জুটিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, ৩ নম্বরে নামা শান্তও বাঁহাতি। কিপার লিটন কুমার দাস মিডল অর্ডারে খেলেছেন আগের সিরিজ থেকে। ওই জায়গায় নেমে দুটি ম্যাচে চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেছেন। কোচের বিশ্বাস, স্পিনে ব্যাটিং করতে পারদর্শী লিটন মিডল অর্ডারে মুশফিকের অভাব পূরণ করতে পারবেন। তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ও মেহেদী মিরাজ নিজেদের পজিশনে মানিয়ে নিতে পারলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখেন তিনি। ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত রাখা হলেও বোলিং বিভাগে একটি পরিবর্তন হতে পারে। বৈশাখের গরমের কথা মাথায় রেখে দুজন পেস বোলার খেলালে বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে একাদশে দেখা যেতে পারে। পিএসএলে বিবর্ণ সময় পার করা লেগ স্পিনার রিশাদ হোসেনে আস্থা রাখতে চান মিরাজ। তবে সিরিজের প্রথম ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হলে অবাক হওয়ার কিছু নেই। তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে খেলালে স্পিন বিভাগে নড়চড় হবে। মুস্তাফিজ, নাহিদ পিএসএলে ছন্দে ছিলেন।
- বিষয় :
- ক্রিকেট
- বাংলাদেশ
- মেহেদী হাসান মিরাজ
