ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এই দল নিয়েই জয়ের স্বপ্ন টম ল্যাথামের

এই দল নিয়েই জয়ের স্বপ্ন টম ল্যাথামের
×

ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক মিরাজ ও ল্যাথাম। গতকাল মিরপুরে। ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

এই মুহূর্তে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং দেখলে অনেকে আঁতকে উঠতে পারেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর দল নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে নবম স্থানে থাকা বাংলাদেশ। এই টালি দেখে গা ছমছম করলেও ভয় পাওয়ার কিছু নেই। যে ক্রিকেটাররা নিউজিল্যান্ডকে ওই উচ্চতায় নিয়ে গেছেন, তারা খেলছেন না। আইপিএল, পিএসএল খেলতে মিচেল স্যান্টনাররা ছুটিতে থাকায় বদলি ক্রিকেটাররা এসেছেন সিরিজ খেলতে। অধিনায়ক টম ল্যাথাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের অনভিজ্ঞ দল হিসেবে তুলে ধরেন। দেশের হয়ে যারা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি, তারাই বাংলাদেশে শিক্ষা সফর করছেন। কিউই অধিনায়ক মনে করেন, এই সুযোগ কাজে লাগাতে পারলে সিরিজ জেতা সম্ভব হবে।  

কিউই অধিনায়কের মতে, ‘আমাদের দলটা কিছুটা অনভিজ্ঞ। তবে এই সিরিজটি সেই সব খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে দেবে, যারা হয়তো পর্যাপ্ত খেলার সুযোগ পায়নি। বিভিন্ন কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এটা একটা দারুণ সুযোগ।’ বাংলাদেশ ও উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটারদের সুযোগ দিতে চান ল্যাথাম। যে দুশ্চিন্তা ল্যাথামকে তাড়া করছিল, গতকাল পিচ দেখার পর তা কিছুটা কমেছে। উইকেট দেখে ভালো লেগেছে তাঁর। উইকেটরক্ষক এই ব্যাটার মনে করেন, কন্ডিশন থেকে উভয় দল সমান সুবিধা পাবে। ‘হ্যাঁ, পিচটা বেশ ভালোই মনে হচ্ছে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে এখানে যে ম্যাচগুলো হয়েছে, তাতে ভালো স্কোর হয়েছে। তাই দল হিসেবে আমরা সব সময় যে কোনো পিচে মানিয়ে নেওয়ার কথা বলি। ঢাকার কাল ও সামনের দিনগুলোও ব্যতিক্রম হবে না। আমরা এই সুযোগ লুফে নিতে চাই। আমি জানি, ছেলেরা মাঠে নামতে এবং নতুন পরিস্থিতিতে অভিজ্ঞতা অর্জন করতে উন্মুখ হয়ে আছে।’ –বলেন ল্যাথাম। 

বাংলাদেশের বিপক্ষে ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৪টিতে জিতেছে নিউজিল্যান্ড। জয়-পরাজয়ের পার্থক্য অনেকটা র‍্যাঙ্কিংয়ের মতো। তবে এই সার্বিক পরিসংখ্যান বাংলাদেশে খেলার সঠিক চিত্র প্রকাশ করে না। এই কন্ডিশনে টাইগারদের থেকে পিছিয়ে আছে তারা। ১৬ ম্যাচের বিপরীতে বাংলাদেশ আট আর নিউজিল্যান্ড সাতটিতে জিতেছে। আরও নির্দিষ্ট করা হলে, ২০১০ সাল থেকে বাংলাদেশের মাটিতে খেলা ৯ ওয়ানডে ম্যাচে মাত্র দুবার জিতেছে নিউজিল্যান্ড। 
তবে ২০২৩ সালে শেষ যে সিরিজটি খেলেছে, তাতে কিউইরা শতভাগ সফল ছিল। এর পরও ল্যাথামের প্রত্যাশা ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতে নেবে তাঁর দল। এই লক্ষ্য অর্জন করতে আজ উদ্বোধনী ম্যাচে হেনরি নিকোলস, উইল ইয়াং, ডেন ফক্সক্রাফট, টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, জশ ক্লারসন, নাথান স্মিথ, ব্লায়ার টিকনার, উইল ও’রোয়ার্ক ও জায়দান লেনক্সকে খেলাতে পারে কিউইরা। 

আরও পড়ুন

×