আফঈদাদের ‘হ্যাটট্রিক’ মিশন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১২:৩১
সাবেক অধিনায়ক সাবিনা খাতুনসহ বেশ কয়েকজন তারকা নেই। অভিজ্ঞদের বাতিলের খাতায় রেখে কোচ পিটার বাটলার তারুণ্যে ঝুঁকেছেন। নারী সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামা বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন স্বপ্না রানী মণ্ডল-মুনকি আক্তারের মতো ফুটবলার। তাদের ছাড়াই কঠিন পথ পাড়ি দেওয়ার আশা ব্রিটিশ কোচ বাটলারের। ভারতের গোয়ায় অনুষ্ঠেয় নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আগে থাইল্যান্ডে গিয়ে প্রস্তুতি ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে গতকাল বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দল নিয়ে স্বপ্ন ও বাস্তবতার কথা বলেছেন বাংলাদেশ কোচ। টুর্নামেন্টে বাংলাদেশ যে আক্রমণাত্মক ফুটবল খেলবে, তার ইঙ্গিত দিয়েছেন বাটলার।
ছয় দলের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দুই দল হলো ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপ ও ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। ২০২২ ও ২০২৪ সালে নারী সাফের শিরোপা জেতা মেয়েরা তাকিয়ে হ্যাটট্রিক ট্রফি জয়ে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য থাইল্যান্ডে ক্যাম্প করার সঙ্গে সেখানকার দুটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখান থেকে ভারতে যাবে দল। আগের দুটি আসরে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল মেয়েরা। এবার শক্তিশালী ভারত স্বাগতিক হওয়ায় চ্যালেঞ্জটা একটু বেশিই।
আর ট্রফি ধরে রাখাটা যে সহজ হবে না, তা মনে করিয়ে দিয়েছেন বাটলার, ‘আমি মনে করি, এটি (শিরোপা) সব সময়ই কঠিন হবে। কিন্তু জীবনের আনন্দ তো এখানেই। আপনি চান যে এটি কঠিন হোক, আপনি চান আপনার পরীক্ষা নেওয়া হোক। আমরা এই ফুটবল জগতে এসেছি দলগুলোকে অনায়াসে ৮-০ বা ৯-০ গোলে হারিয়ে দিতে নয়। দুর্ভাগ্যবশত মাঝেমধ্যে এমনটা ঘটে, আবার কখনও কখনও কোরিয়ার মতো দলের বিপক্ষে খেললে উল্টোটাও হতে পারে। আপনাকে মনে রাখতে হবে, আমাদের এই পর্যায়ের কিছু দল এএফসি স্তরে বেশ বড় ব্যবধানে হেরেছে; কিন্তু আমরা হারিনি। আমরা প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা হয়তো সব ম্যাচ জিতিনি, কিন্তু আমরা লড়াই করেছি এবং আমি জানতাম যে এটাই ঘটবে। তাই যখন কোনো টুর্নামেন্ট জেতার বা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার বিষয় আসে, তখন তা কখনোই সহজ হয় না। কারণ, আপনার ওপর সবার নজর থাকে। মানুষ আপনার বিপক্ষে খেলতে চায়, আপনাকে হারাতে চায়। তাই আমাদের দৃষ্টিকোণ থেকে আমি প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে আশা করি এবং আমি সেটিই চাই। কারণ, এটি খেলোয়াড়দের সক্ষমতা যাচাই করে।’
গ্রুপে থাকা মালদ্বীপের কাছে কখনোই হারেনি বাংলাদেশের মেয়েরা। তাই থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ এবং মালদ্বীপ ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাটলার। ভারত, নাকি মালদ্বীপ শক্তিশালী– প্রশ্নের জবাবে বাটলার বিষয়টি ব্যাখ্যা করলেন অন্যভাবে, ‘এই ভারত খুব ভালো দল। মালদ্বীপ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কারণ, তাদের কোনো ঐতিহাসিক রেকর্ড নেই। কিন্তু শুনুন, আমি প্রতিটি ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দিই। দিনের পর দিন প্রস্তুতি, খুঁটিনাটি বিষয়ের দিকে নজর– এভাবেই আমি কাজ করি। আমি পেশাদারভাবে কাজ করি এবং আমার দলকে আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য প্রস্তুত করি। আমি আমার দলকে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে বা ‘বাস পার্ক’ করতে শেখাই না। আমরা এমন একটি দল, যারা আক্রমণ করে; আমাদের আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমি সত্যিই চাই, আমাদের মেয়েরা মাঠে গিয়ে সৃজনশীলতার সঙ্গে তাদের দক্ষতা প্রদর্শন করুক।’
- বিষয় :
- আফঈদা খন্দকার
- বাংলাদেশ ফুটবল
- নারী ফুটবল
