ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হামজাদের কোচ পেতে অপেক্ষা

হামজাদের কোচ পেতে অপেক্ষা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১১:৪২

এতদিন টেলিভিশনে হামজা চৌধুরীকে দেখেছিল তারা। গতকাল শুক্রবার নিজ চোখে লিস্টার সিটির এ তারকাকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে কিশোর-কিশোরীরা। নতুন কুড়ি স্পোর্টসের খেলা দেখতে গতকাল মোহাম্মদপুরের মাঠে যাওয়া হামজাকে ঘিরে উন্মাদনা দেখা গেছে। কিছু সময় কিশোর-কিশোরীদের খেলা দেখার পর হামজা চলে যান। এরপর পুরো সংবাদ মাধ্যম ঘিরে ধরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে। 

হামজাদের নতুন কোচের সর্বশেষ আপডেট জানাতে গিয়ে তাবিথ বলেছেন, ১৫ মের মধ্যে বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তারা। রোববারের মধ্যে শর্টলিস্টে থাকা কোচদের ইন্টারভিউ শেষ হলেই বাফুফে নির্বাহী কমিটিতে উঠবে কোচের বিষয়টি। সেখানেই চূড়ান্ত হবে হামজাদের কোচ কে হচ্ছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয় গতকালকের মধ্যেই কোচ নিয়োগ করা হবে। কিন্তু অনলাইন ইন্টারভিউ চলমান থাকায় নতুন কোচ পাওয়ার অপেক্ষাটা বাড়ছে বলে জানান তাবিথ, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। টার্গেট হলো রোববারের ভেতর আমরা একটা চুড়ান্ত সিদ্ধান্তে চলে যাব। বাংলাদেশের ব্যাপারে সবাই আগ্রহী। তাদের চাহিদাগুলো শুনছি।’

বর্তমানে পাঁচজনের সাক্ষাৎকার শেষ হয়েছে। তাবিথ বলেন, ‘আগামী দুই বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে, কী ধরনের টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, কী ধরনের দল গঠন করতে চাই। সব বিবেচনা করে আমরা যখন বিষয়গুলো কোচের সঙ্গে চূড়ান্ত করব।’

আরও পড়ুন

×