লিভারপুলকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১২:০৭ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১২:০৮
ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। ৪-২ গোলের এই জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। প্রথমার্ধের ৪২ মিনিটে অ্যাস্টন ভিলাকে লিড এনে দেন মরগান রজার্স। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া লিভারপুল দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে। ৫২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত হেডে অলরেডদের সমতায় ফেরান অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। ঠিক পাঁচ মিনিট পর মাঝমাঠে ডমিনিক সোবোসলাইয়ের মারাত্মক ভুলের সুযোগ নেন ওলি ওয়াটকিন্স। তার নিখুঁত ফিনিশিংয়ে আবারও লিড নেয় ভিলা। এরপর ৭৩ মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে দলের ব্যবধান ৩-১ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
ম্যাচের ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জন ম্যাকগিনের শটে লিভারপুলের ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়। যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোলটি করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল চলতি মৌসুমে লিভারপুলের ১৯তম হার।
এই হারে আর্নে স্লটের শিষ্যদের চ্যাম্পিন্স লিগ ভাগ্য এখনো নিশ্চিত হয়নি। ব্রাইটন ও বোর্নমাউথের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে লিগের শেষ দিন পর্যন্ত উৎকণ্ঠায় অপেক্ষা করতে হবে অলরেডদের। অন্যদিকে এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। তারা টপকে গেছে লিভারপুলকে।
- বিষয় :
- লিভারপুল
- অ্যাস্টন ভিলা
