ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও বাংলাদেশের

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও বাংলাদেশের
×

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৩:৩৬ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৫:২০

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও সমান ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন টাইগার বোলাররা। এই সেশনে আউট হয়েছেন বাবর আজম, সালমান আলী আঘা, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলী। ৮ উইকেটে ২০৬ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশ এখনো ৭২ রানে এগিয়ে রয়েছে। 

উইকেট বিলিয়ে দিলেন হাসান আলী

লোয়ার অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন হাসান আলী। তবে তাইজুলের বলে একরকম উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। তাইজুলের ফ্লাইটেড ডেলিভারিতে লং অনে তুলে মারেন হাসান। সেখানে থাকা নাহিদ রানা দারুণ এক ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নেন। আউট হওয়ার আগে হাসান আলী করেন ১৮ রান। ২০০ রানে ৮ম উইকেট হারায় সফরকারীরা।

লিটন হতে পারলেন না রিজওয়ান

প্রথম ইনিংসে বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছিলেন লিটন দাস। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও হয়তো রিজওয়ানের কাছ থেকে তেমন এক ‘ত্রাতা’র ভূমিকা আশা করেছিল। কিন্তু লিটন হতে পারলেন না রিজওয়ান। তাইজুলের স্পিনে ব্যক্তিগত ১৩ রানেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। ১৭৪ রানে ৭ম উইকেট হারিয়ে পাকিস্তান ১০৪ রানে পিছিয়ে।

সালমানকে ফেরালেন তাইজুল

এবার সালমান আলী আগাকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম। মুমিনুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৫১ বলে ২১ রান করেন সালমান। ক্রিজে নতুন ব্যাটার সাজিদ খান, অন্য প্রান্তে আছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৩ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ১৫০। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী হাসান আলী।

ফিফটি করা বাবরকে ফিরিয়ে রানার ব্রেক-থ্রু

লাঞ্চ বিরতির পর দ্রুত রান তুলছিল বাবর-সালমান জুটি। তবে বাবরকে ফিরিয়ে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙলেন নাহিদ রানা। টাইগার পেসারের বলে মুশফিকের ক্যাচ হয়ে ফেরার আগে ৮৪ বলে ৬৮ রান করেন বাবর। তার বিদায় বাংলাদেশের জন্য এক বিরাট স্বস্তি। ৪০ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৪৩। ক্রিজে সালমানের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।

এর আগে প্রথম সেশনে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন বাবর। লাঞ্চ থেকে ফিরেই মাত্র ৬৩ বলে টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর মাঝেই ৩০.২ ওভারে দলীয় শতরানের গণ্ডি স্পর্শ করে পাকিস্তান।

৪ উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম সেশনেই পাকিস্তানের ৪টি উইকেট তুলে সফরকারীদের অস্বস্তিতে ফেলে দিয়েছেন টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৯৬ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে পাকিস্তান।

দিনের শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেন পেসার তাসকিন আহমেদ। প্রথম সেশনের শুরুতেই পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইসকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন তিনি। এরপর থিতু হওয়ার আগেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনের ২৪ ওভারে মাত্র ৭৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

৭৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেছেন বাবর আজম। সালমান আলী আগাকে নিয়ে সেশনের বাকি সময়টা দেখেশুনে কাটিয়ে দেন তিনি। লাঞ্চে যাওয়ার আগে বাবর আজম ৫৮ বলে ৩৭ রানে এবং সালমান ১৫ বলে ৬ রানে অপরাজিত আছেন। পাকিস্তান এখনো ১৮২ রানে পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন

×