মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৫:১৬
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। রোববার রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন শিশুটির মা।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে মো. বাকিবিল্লাহ (৩৫)। আহত আঁখি খাতুন নিহত আলিফের মা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রূপপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে দাশুড়িয়ার দিকে ফিরছিলেন আঁখি খাতুন। কোলেরকান্দি বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আলিফ তার মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়।
এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে যাচ্ছিলেন বাকিবিল্লাহ। শিশুটিকে সড়কে পড়ে থাকতে দেখে তিনি দ্রুত মোটরসাইকেল থামিয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান আলিফ ও বাকিবিল্লাহ।
খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত আঁখি খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয় এবং আহত নারীকে হাসপাতালে পাঠানো হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
- বিষয় :
- পাবনা
- ঈশ্বরদী
- সড়ক দুর্ঘটনা
