কুড়িগ্রাম
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান
উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি। ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৫:২২
ভারত থেকে অবৈধভাবে বাংলা ভাষাভাষী লোকজনকে বাংলাদেশে পুশইনের ঘটনায় উদ্বেগের মধ্যে কুড়িগ্রাম সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানিয়েছে, সাম্প্রতিক পুশইনের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে জেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি দিন-রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখা গেলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
