তারেমিকে নিয়ে ইরানের বিশ্বকাপ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:৫৯
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এর মাঝেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে তারা। চূড়ান্ত স্কোয়াড ২৬ জনের হলেও ইরান বাড়তি চারজনসহ মোট ৩০ জনের দল ঘোষণা করেছে। দলে আছেন তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি ও ডিফেন্ডার এহসান হাজসাফি। এই দুজন একসময় ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসে (আইআরজিসি) বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন। আর আইআরজিসি-সংশ্লিষ্ট কাউকে ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বকাপের দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা। তাই তাদের ভিসা নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে শঙ্কা রয়েছে।
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যাবতীয় অনিশ্চয়তা দূর করতেই গত শনিবার ইস্তাম্বুলে ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফিফা জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্টর্ম। সেখানে বেশ ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফিফা সেক্রেটারি, ‘ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের চমৎকার বৈঠক হয়েছে। ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। আমি সবচেয়ে খুশি দুই পক্ষের ইতিবাচক মনোভাবে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জের ধরেই ইরানের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ে। ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজও ফিফার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।
বিশ্বকাপ দল নিয়ে আজ তুরস্ক যাওয়ার কথা ইরানের। সেখানে তারা ট্রেনিং ক্যাম্প করবে এবং আনতালিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তুরস্ক বসেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন সম্পন্ন করবে ইরান দল। স্কোয়াডে পোর্তো স্ট্রাইকার মেহেদি তারেমি থাকলেও জায়গা হয়নি আরেক তারকা ফরোয়ার্ড সরদার আজমাউনের। গত মার্চে যুদ্ধ চলাকালে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই আজমাউনকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়। পরে সেই ছবি মুছে ফেললেও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর কঠোর সমালোচনা করা হয়।
- বিষয় :
- ইরান
- বিশ্বকাপ ফুটবল
