ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এই মেসি কি আবারও আর্জেন্টিনাকে জেতাতে পারবেন?

এই মেসি কি আবারও আর্জেন্টিনাকে জেতাতে পারবেন?
×

বিশ্বকাপের শিরোপা হাতে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ১৪:২৮

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জেতার পর লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা না করে উত্তর আমেরিকায় নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এবারও তিনি দলের প্রধান ভরসা। প্রশ্ন উঠছে, ফুটবলের এই মহাতারকা আবারও কি আর্জেন্টিনাকে জেতাতে পারবেন?

বিশ্বকাপ চলাকালে মেসি ৩৯ বছর পূর্ণ করবেন। বার্সেলোনার এই কিংবদন্তি সাড়ে তিন বছর আগে কাতারে যেন নিজের খেলাকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। টুর্নামেন্টে সাত ম্যাচে নিজে সাতটি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করান। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি টাইব্রেকারেও গোল করে আর্জেন্টিনাকে ট্রফি এনে দেন। কিন্তু এরপর?

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দুই মৌসুমের ম্যাড়মেড়ে অধ্যায় শেষে ২০২৩ সালে ইউরোপের ফুটবল ছাড়েন। তাই স্বাভাবিকভাবেই তিনি আর আগের সেই মেসি নেই। তিনি এখন আর প্রতি সপ্তাহে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলছেন না। ২০২০ সালের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো নকআউট পর্বের ম্যাচে মেসি জয়ের মুখ দেখেননি।

তবে আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। গত বছর মায়ামিকে এমএলএস কাপ জেতানোর পর, ২০২৬ সালের এই মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১৩টি গোল করেছেন। তবে সম্প্রতি ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সামান্য ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ধারণা করা হচ্ছে, এই চোট কাটিয়ে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি বিশ্বকাপ মিশন শুরু করবেন।

২০০ ম্যাচের মাইলফলক
গত বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে আরও একটি বড় শিরোপা জিতেছেন মেসি। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। এছাড়া, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ফুটবলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে সম্প্রতি মেসি বলেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পারব এটা খেলে যাব।’

কৈশোরে পা দিয়ে ২০০৬ সালে জার্মানিতে প্রথমবার বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি। পরে তাঁর অধিনায়কত্বেই ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে ওঠে আর্জেন্টিনা, হেরে যায় সেই জার্মানির কাছে।

আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিরও মালিক। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করা থেকে তিনি এখন মাত্র দুটি ম্যাচ দূরে। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগেই হয়তো মেসি এই মাইলফলক ছুঁয়ে ফেলবেন। কারণ, টেক্সাসে হন্ডুরাস ও আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

‘মেসির ওপর নির্ভরশীল নয়’
গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর টেক্সাসের আরলিংটনে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়া ও জর্ডানের। জর্ডানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে মেসির ৩৯তম জন্মদিনের ঠিক তিন দিন পর।

ফিফা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সতীর্থ হুলিয়ান আলভারেজ বলেন, ‘মেসির বয়সের কথা বিবেচনা করলে এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁর নিজের।’

আলভারেজ আরও বলেন, ‘এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। বিশ্বজুড়ে যারা তাঁকে ভালোবাসেন ও অনুসরণ করেন, তাদের সবার জন্যই এটি বিশেষ কিছু। কারণ তিনি সর্বকালের সেরা ফুটবলার।’

তবে ২৬ বছর বয়সী অ্যাটলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আলভারেজের দলে উপস্থিতি প্রমাণ করে, আর্জেন্টিনা এখন আর কেবল তাদের ‘বয়স্ক মহাতারকার’ ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। আলভারেজের পাশাপাশি দলে আছেন ইতালিয়ান সেরি এ’র সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ক্রিশ্চিয়ান রোমেরো ও এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা।

এমনকি বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টিও (৪-১) এসেছিল মেসিকে ছাড়াই। আলভারেজ বলেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের মনে সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি উন্মাদনা থাকে। এবারও সেটির ব্যতিক্রম হওয়ার কারণ নেই।’

আরও পড়ুন

×