ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি বেলজিয়ামের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৪:১৪
প্রথমার্ধে দলকে লিড এনে দিলেন ইউরি টিলেমান্স। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করলেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি শুরু করল বেলজিয়াম।
মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার ঘরের মাঠের প্রীতি ম্যাচটিতে শুরু থেকেই ছন্দে ছিল বেলজিয়াম। ম্যাচের ৩৮তম মিনিটে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন টিলেমান্স। প্রথমার্ধের এই লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা। ম্যাচের ৭৩তম মিনিটে স্ট্রাইকার রোমেলু লুকাকুকে মাঠে নামান বেলজিয়ান কোচ। আর ম্যাচের যোগ করা সময়ে ৯৬ মিনিটে ক্রোয়েশিয়ার জাল কাঁপান ৩৩ বছর বয়সী স্ট্রাইকার লুকাকু।
ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে সদ্য শেষ হওয়া ঘরোয়া মৌসুমটা চোটের সঙ্গে লড়াই করেই কেটেছে লুকাকুর। চোটের ভয়াবহতা এতটাই ছিল যে, পুরো মৌসুমে সব মিলিয়ে মাঠে ছিলেন এক ঘণ্টার একটু বেশি। ফলে বিশ্বকাপের আগে তার এই গোল বেলজিয়াম শিবিরকে বড় স্বস্তি দেবে।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও, আক্রমণে আধিপত্য ছিল বেলজিয়ামেরই। অন্যদিকে পুরো ৯০ মিনিটে বেলজিয়ামের রক্ষণভাগ ভেঙে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।
আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে আরেকটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে দুই দলই। যেখানে বেলজিয়ামের পরবর্তী প্রতিপক্ষ তিউনিসিয়া এবং ক্রোয়েশিয়া মাঠে নামবে স্লোভেনিয়ার বিপক্ষে।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- বেলজিয়াম
- ক্রোয়েশিয়া
