কবে ফিরবেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৯:০৩
| প্রিন্ট সংস্করণ
ব্রাজিল ফুটবল দলের আগমনের সঙ্গে সঙ্গেই নিউ জার্সিতে বিশ্বকাপ জ্বর শুরু হয়ে গেছে। সেই উন্মাদনার মাঝে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি ট্রেনিং সেশন করে ফেলেছে ব্রাজিল। গত বুধবার মরিসটাউন এলাকার কলম্বিয়া পার্কে কয়েকশ সমর্থকের সামনে ট্রেনিং করেন ভিনিসিয়ুস-রাফিনহারা। দ্বিতীয় প্র্যাকটিস সেশন শেষে মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের একাদশ নিয়েও হালকা ধারণা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে দুই প্র্যাকটিস সেশনের একটিতেও ছিলেন না নেইমার। ৭ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মিসরের বিপক্ষে তিনি যে থাকছেন না– সেটি মোটামুটি নিশ্চিত। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছে ব্রাজিল।
ব্রাজিলের গণমাধ্যম সূত্রে জানা গেছে, কেবল মরক্কো নয়, হাইতির বিপক্ষে (১৯ জুন) দ্বিতীয় গ্রুপ ম্যাচেও নেইমারকে পাওয়ার সম্ভাবনা কম। মূলত নকআউট পর্বে তাঁকে পাওয়ার লক্ষ্য নিয়ে ফিজিওথেরাপিস্টরা কাজ করছেন বলে জানা গেছে। নেইমারের উন্নতির লক্ষণ বেশ ভালো বলেই আশাবাদী ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের গোড়ালির মাংসপেশিতে চোট পেয়েছিলেন নেইমার। গ্রেড টু টাইপ এই চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগতে পারে বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
মোহামেদ সালাহদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্রাজিল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কারণে পানামার বিপক্ষে না খেলা দুই ডিফেন্ডার মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মাগালহাসের একাদশে ঢোকা নিশ্চিত। দুই তারকা সেন্টার-ব্যাকের দলে আসা রক্ষণে একমাত্র পরবির্তন নয়, লেফট-ব্যাক আলে সান্দ্রোর বদলে শুরুর একাদশে আসতে পারেন ডগলাস সান্তোস। পানামার বিপক্ষে চমৎকার খেলা লুকাস পাকেতা ও ইগর থিয়াগোর দলে আসাও প্রায় নিশ্চিত। তাদের জন্য জায়গা হারাতে পারেন ম্যাথুস কুনহা ও লুইজ হেনরিক। এসব বদলের ফলে অবশ্য খেলার ফরমেশনে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ, পানামার বিপক্ষে দ্বিতীয়ার্ধের সফল হওয়ার পরও মিসর ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলাবেন না আনচেলত্তি। তবে মাঠে পাকেতার দায়িত্বে কিছুটা বৈচিত্র্য আসতে পারে। মাঝমাঠ সামলানোর পাশাপাশি রাইট উইংয়েও বিচরণ করতে হতে পারে তাঁকে। পাকেতাকে এই বাড়তি দায়িত্ব দেওয়ার কারণ, রাইট ব্যাক ওয়েসলি যেন স্বাধীনভাবে উইং ধরে আক্রমণে উঠতে পারেন। ওয়েসলির গতিটিকে কাজে লাগাতে চাইছেন কোচ।
পানামার বিপক্ষে ম্যাথুস কুনহাকে নাম্বার নাইন পজেশনে খেলানো হয়েছিল। কিন্তু সেন্টার ফরোয়ার্ড হিসেবে এই ম্যানইউ তারকা অভ্যস্থ নন। ক্লাব লেভেলে তাঁকে উইং ধরে আক্রমণে উঠতে দেখা যায়। তাই ওই ম্যাচে বক্স থেকে দূরে সরে যাচ্ছিলেন তিনি। আর ব্রেন্টফোর্ডে খেলা ইগর থিয়াগো হলেন পিউর স্ট্রাইকার। শক্তসামর্থ্য গড়নের ওই তারকা ফর্মেও আছেন। ২২ গোল করে এবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। ২৭ গোল নিয়ে শীর্ষে আছেন ম্যানসিটির আর্লিং হালান্ড। ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের তেমন একটা তারকাখ্যাতি না থাকলেও আনচেলত্তির দলের গোল করার মূল দায়িত্বটা তাঁর কাঁধেই সম্ভবত পড়তে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের মাটিতে দুই ট্রেনিং সেশনের ধরন দেখে এটি আঁচ করা যায় যে আনচেলত্তি ৪-২-৪ ফরমেশনে খেলাবেন ব্রাজিলকে। আর বল পজেশন ধরে রেখে আক্রমণে ওঠার সময় ফরমেশন বদলে ৩-৫-২ হয়ে যাবে। অনুশীলনে আক্রমণে যাওয়ার সময় চার মিডফিল্ডারের সঙ্গে ডানপ্রান্ত ধরে ওয়েসলিকেও ওপরে উঠতে দেখা গেছে। দুই সেন্টার ব্যাককেও রোটেশন করেছেন কোচ। দুই উইঙ্গার ভিনিসিয়ুস ও রাফিনহার পজেশনে বিকল্প হিসেবে রায়ানকে তৈরি রাখছেন কোচ। দুই উইংয়ের যে দিকে প্রয়োজন মনে করবেন, সেখানেই রায়ানকে নামিয়ে দেবেন। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে এসব পরীক্ষা-নিরীক্ষা করতে চান ব্রাজিল বস আনচেলত্তি। ১৩ জুন নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে হেক্সা (ষষ্ঠ) মিশন শুরু করবে ব্রাজিল।
- বিষয় :
- খেলা
