ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ফাইনালে আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ দেখতে চান ভিতিনিয়া

ফাইনালে আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ দেখতে চান ভিতিনিয়া
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৪:৫২

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদো। কারোর মতে মেসি সেরা, কেউবা রোনালদোর পায়ে খোঁজেন শ্রেষ্ঠত্ব। তবে খুব কম ভাগ্যবানই আছেন, যারা এই দুই মহাতারকার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করার দুর্লভ সুযোগ পেয়েছেন। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া তাদেরই একজন। পিএসজিতে খেলেছেন মেসির সঙ্গে, আর জাতীয় দলে খেলছেন রোনালদোর পাশে।

২৬ বছর বয়সী এই পিএসজি তারকা মনের ঝাঁপি খুলে কথা বললেন দুই কিংবদন্তিকে নিয়ে। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মেসি-রোনালদোর মহাকাব্যিক ব্লকবাস্টার লড়াইয়ের স্বপ্নও বুনে দিলেন তিনি। 

ইতিহাসের দুই সেরা ফুটবলারের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নে ভিতিনিয়া বলেন, ‘ইতিহাসের সর্বকালের সেরা দুই ফুটবলারের সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ আনন্দের। আমি দুজনের কাছ থেকেই অনেক কিছু শিখেছি। এটা এমন একটা প্রাপ্তি, যা আমার জীবনের শেষ দিন পর্যন্ত দাগ কেটে থাকবে।’

এক যুগ ধরে বিশ্বফুটবল শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বমঞ্চে দুই মহাতারকার ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ভিতিনিয়ার কাছেও জানতে চাওয়া হয়েছিল এমনটা হলে কেমন হবে? জবাবে ভিতিনিয়া বলেন, তিনি যেন এক পায়ে রাজি। দুই দেশের মধ্যকার ফাইনালের একটি কাল্পনিক চুক্তিতে এখনই স্বাক্ষর করতে প্রস্তুত এই মিডফিল্ডার।

ভিতিনিয়া বলেন, ‘আমি বিশ্বকাপের ফাইনালে যেকোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে রাজি। তবে ফাইনালটা যদি হয় পর্তুগাল বনাম আর্জেন্টিনা, আমি এখনই চোখ বন্ধ করে সেই চুক্তিতে স্বাক্ষর করতে পারি। যদিও ফাইনাল এখনও অনেক দূরের পথ। আমাদের প্রথম ম্যাচ কঙ্গোর বিপক্ষে, তাই আপাতত ওটা নিয়েই ভাবছি, বাকি কথা পরে হবে।’

আরও পড়ুন

×