ইরাককে উড়িয়ে শুরু নরওয়ের
ইরাকের বিপক্ষে জোড়া গোল করা হালান্ডের উদযাপন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৬:০৮ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ০৬:২০
প্রতিপক্ষ একটু দুর্বল হলে খুনে মেজাজ ধারণ করেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। ইরাকের বিপক্ষে যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিল তার জন্য আসরের প্রথম হ্যাটট্রিক পাওয়া সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত দীর্ঘদেহি এই স্ট্রাইকার তৃতীয় গোলের দেখা না পেলেও ৪-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নিশিত সূর্যের দেশ নরওয়ে।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরুতে লিড নেয় নরওয়ে। প্রথমবার বিশ্বকাপে খেলার স্বাদ নেওয়া হালান্ড ২৯ মিনিটে দলকে ১-০ গোলের লিড এনে দেন। চমক দিয়ে ওই গোল শোধ করে দেয় ইরাক। ম্যাচের ৩৯ মিনিটে আইমেন হুসেইন সমতাসূচক গোলটি করেন।
প্রথমার্ধের শেষ দিকে হালান্ড দলকে লিডে তুলে নেন। দারুণ এক লো ক্রসে লাফিয়ে পা ঠেকিয়ে গোল করার পর ম্যাচের ৪৩ মিনিটে ইরাকের গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল পেয়ে যান তিনি। ম্যাচের ৭৬ মিনিটে লিও অস্টিগার্ড ইরাকের সমতায় ফেরার আশা শেষ করে দেন। তিনি ইউরোপের প্রতিনিধিদের ৩-১ গোলে এগিয়ে নেন।
শেষ বাঁশির আগে ক্রিস্টিয়ান থোর্সভেট গোল করে শুধু জয়ের ব্যবধান ৪-১ করেননি বরং সেনেগালের বিপক্ষ ৩-১ গোলে জয় পাওয়া ফ্রান্সকে হটিয়ে গ্রুপ ‘আই’ এর টেবিল লিডারের জায়গা দখল করেছেন। ম্যাচে ১১টি আক্রমণে করে ইরাক গোলে একটি শট নিয়ে একটিই গোল পেয়েছে।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
