ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান
×

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রস্তাবিত প্রকল্পের পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। সমীক্ষার ফলাফলে প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা উঠে এসেছে। গতকাল মঙ্গলবার নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধি দলের সাক্ষাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিরা জানান, জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরে পরিচালিত সমীক্ষা সম্পন্ন হয়েছে। জাপান-বাংলাদেশ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের আওতায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে জাপান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রাথমিক সম্মতি রয়েছে। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা সম্ভব নয়। বর্জ্যকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়নে আমি আগ্রহী। এক্ষেত্রে জাপানের প্রযুক্তি এবং অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখতে পারে।
মেয়র আরও বলেন, জাপানের প্রযুক্তিগত দক্ষতা ও বাংলাদেশের বাস্তব প্রয়োজনের সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। দুই দেশের সরকারের সহযোগিতায় প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে হবে।

জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন গেন তাকাহাসি, কেন্টা ওহাসি ও ভাস্কর সাহা। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। 

আরও পড়ুন

×