ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

১১ বলে ফিফটি, ভারতীয় ক্রিকেটারের নতুন বিশ্বরেকর্ড

১১ বলে ফিফটি, ভারতীয় ক্রিকেটারের নতুন বিশ্বরেকর্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৩:৫৬ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৩:৫৮

কিছুদিন আগেই আইপিএলের মঞ্চে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে ঝড় তোলা ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন এবার তাণ্ডব চালিয়েছেন শ্রীলঙ্কার বোলাদের ওপর। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেছেন তরুণ এই ব্যাটার। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটাই দ্রুততম ফিফটির রেকর্ড।

৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে কম বলে ফিফটি করার দিনে সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন কৌশল্য। ভারতের বিহারে সূর্যবংশীর জন্ম সেই ঘটনারও ৬ বছর পর।

একই সঙ্গে ভারতের ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডটিও ভেঙে দিয়েছেন সূর্যবংশী।

রোববার ডাম্বুলায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ‘এ’ দল। অন্যদিকে ভারতের হয়ে ওপেনিং করতে নামেন বাঁহাতি এই ব্যাটার। ম্যাচের শুরু থেকেই তিনি লঙ্কান বোলারদের ওপর চড়াও হন। ১১ বলে ফিফটি পূর্ণ করার পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। বাকি একটি বল ডট খেলেছেন। এর মধ্যে ছক্কা ৫টি।

দ্রুততম ফিফটির পর সেঞ্চুরি করার পথেও এগিয়ে গিয়েছিলেন ভারতের ১৫ বছর বয়সী এই কিশোর। তবে সাহান আরাচ্চিগের বলে তুলে মিড অফে ক্যাচ তুলে দিয়ে থামেন তিনি। আউট হওয়ার আগে মাত্র ২৯ বলে খেলেন ৯৪ রানের এক টর্নেডো ইনিংস। ৯৪ রানের এই ইনিংসটি খেলার পথে ১০টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি।

আরও পড়ুন

×