ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্ত রোনালদো, বললেন ‘অর্থহীন’

মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্ত রোনালদো, বললেন ‘অর্থহীন’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১০:২০ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১০:২১

বিগত দুই দশক ধরে ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথে। চলতি ২০২৬ বিশ্বকাপেও সেই চিরন্তন আঁচ টের পাওয়া যাচ্ছে স্পষ্ট। বিশ্বমঞ্চে এরই মধ্যে ২ ম্যাচে ৫ গোল করে লাইমলাইটে মেসি। অন্যদিকে সিআরসেভেনও করেছেন ২ গোল। আজ উজবেকিস্তানের বিপক্ষে গোল করে পর্তুগালকে জেতানোর পর সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই রোনালদোর সামনে এলো মেসি-প্রসঙ্গ। আর তাতেই মেজাজ হারালেন পর্তুগিজ যুবরাজ। চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে করা প্রশ্নকে সরাসরি ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই এক স্প্যানিশ সাংবাদিক প্রশ্ন করেন। বিশ্বকাপের পরের কোনো ধাপে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হলে, সেটি দুই কিংবদন্তির সম্ভাব্য ‘বিদায়ী ম্যাচ’ হিসেবে বিশেষ কিছু হবে কি না? প্রশ্নটি শেষ হতেই রোনালদোর চেহারায় বিরক্তির ছাপ ফুটে ওঠে। কিছুটা রুক্ষ সুরেই তিনি জবাব দেন, ‘আমি জানি না এই কথার কী উত্তর দেব, কারণ এটি সম্পূর্ণ অর্থহীন একটি প্রশ্ন। (মেসির মুখোমুখি হওয়া) অবশ্যই ভালো লাগতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় পাওয়া, গ্রুপ পর্ব পার হওয়া এবং সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকা। আমরা জানি সামনে কলম্বিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমি ভালো খেলেছি, গোল করেছি এবং দলকে সাহায্য করেছি, এটুকুই।’

সাক্ষাৎকারের পরের অংশে আরেক সাংবাদিক মেসির প্রসঙ্গ টেনে বলতে শুরু করেন, ‘গতকাল লিওনেল মেসি দুটি গোল করেছেন, এমবাপ্পেও...’। সাংবাদিকের কথা শেষ হওয়ার আগেই হাত উঁচিয়ে রোনালদো অন্য এক মিডিয়াকর্মীর দিকে ইশারা করে বলে ওঠেন, ‘চলুন, চলুন, চলুন (পরের প্রশ্নে যান)।’

পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক পাল্টা জিজ্ঞেস করেন, তিনি কি আর একটি প্রশ্নের উত্তর দেবেন? রোনালদো উত্তর দেন, ‘প্রশ্নের ওপর নির্ভর করছে, পছন্দ না হলে আমি উত্তর দেব না।’

এরপর সাংবাদিক প্রথম ম্যাচের প্রসঙ্গ তুলে জানতে চান, রোনালদো কি অবশেষে বিশ্বকাপে নিজের সেরা ছন্দে ফিরেছেন? রোনালদো প্রতিউত্তরে বলেন, ‘আমি সবসময় পৌঁছে যাই, আগে বা পরে, আমি সেখানে থাকি। তাই আমার কাজ চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। আমি যা করি, তাতে আমার দৃঢ় বিশ্বাস আছে। আমার পুরো ক্যারিয়ারই এমন ছিল। আমি খুব খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা, পরিবারগুলোর সঙ্গে থাকা এবং যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেদিকে মনোযোগ দেওয়া। বাইরের বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন বলেছি, আমি এসবের সঙ্গে অভ্যস্ত।’

উজবেকিস্তানের বিপক্ষে এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট পর্তুগালের। অন্যদিকে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। আগামী শনিবার রাতে মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল।

আরও পড়ুন

×