সমতায় জাপান-সুইডেন নকআউটে
জাপান-সুইডেন ম্যাচের দৃশ্য। ছবি: রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৭:১০ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ০৭:২১
বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে জাপান ও সুইডেনের ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ। লড়াইও হয়েছে জমাট। সুইডেনের জন্য যেকোন মূল্যে হার এড়ানোর ম্যাচ ছিল। দ্বিতীয়ার্ধে গোল খেয়ে সুইডিশরা লড়াইয়ে আর ধার বাড়ায়। অ্যান্তোনি এলাঙ্গার গোলে সমতায়ও ফেরে দলটি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় মাঠ ছেড়ে জাপান ও সুইডেন দুই দলই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে।
তবে এক জয় ও দুই ড্রতে জাপান গ্রুপের রানার্স আপ হয়েছে। এক ড্র ও এক জয়ে সুইডেন ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা আট দলের একটি হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এখনো গ্রুপ পর্বে ছয় গ্রুপে একটি করে ম্যাচ বাকি থাকলেও আন্তত ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ আটের চেয়ে বেশি দলের নেই।
শুক্রবার ডালাসে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে প্রথমার্ধে চেপে ধরলেও গোলের দেখা পায়নি জাপান। ছোট পাসে ম্যাচ নিয়ন্ত্রণের চেষ্টা করা এশিয়ার দলটি সুইডিশদের শক্তির জায়গা বাতাসের বলেও সুবিধা করতে দেয়নি। গোলের পরিষ্কার সুযোগ না পাওয়া জাপান ও সুইডেন গোল শূন্য সমতায় শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিড তুলে নেয় জাপান। ম্যাচের ৫৬ মিনিটে ডাইজেন মাইদা জালে বল পাঠান। তাকে বক্সের মধ্যে একেবারেই আনমার্ক পেয়ে সহজ সুযোগ তৈরি করে দেন জাপানের রিস্তো দোয়ান। জাপান ওই লিড ধরে রাখতে পারেনি। ৬ মিনিট পরই সমতায় ফেরে সুইডেন। জালে বল পাঠিয়ে দেন প্লে মেকার পজিশনে খেলা সুইডেনের নিউক্যাসলে খেলা তরুণ অ্যান্তোনি এলাঙ্গা।
বল দখল, আক্রমণে ওঠা, গোলের সুযোগ তৈরিতে দুই দল কাছাকাছি ছিল। জাপানের পায়ে যেমন ৫১ শতাংশ বল থাকলেও গোলের দুটি শট বেশি নিয়েছে সুইডেন। আবার সুইডেনের উচ্চতার সঙ্গে পেরে উঠতে জাপান কিছুটা নিজেদের অপ্রথাগত ‘রাফ ফুটবলের’ পথে হেঁটেছে। সুইডেনের ১১ ফাউলের বিপরীতে ১৯ ফাউলই যার প্রমাণ। সুইডেন কর্ণার জেতায় মনোযোগী ছিল। জাপানের দুই কর্ণার কিকের বিপরীতে আটটি কর্ণার জিতেছে সুইডেন।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
