অভিনেত্রী জেন লিভসের স্মৃতিকথা
ব্রিটিশ অভিনেত্রী জেন লিভস
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ০৮:২৬
| প্রিন্ট সংস্করণ
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় মার্কিন সিটকম ‘ফ্রেজার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী জেন লিভস এবার নিয়ে আসছেন তাঁর স্মৃতিকথা। চলতি বছরের শেষ নাগাদ বইটি বাজারে আসবে বলে জানিয়েছে এর প্রকাশক প্রতিষ্ঠান ‘উইলিয়াম মরো’।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশনা সংস্থাটি জানায়, আগামী ২০ অক্টোবর প্রকাশিত হবে জেন লিভসের ‘ড্যাফনি অ্যান্ড মি: মাই লাইফ অন ফ্রেজার’ নামক আত্মজীবনীমূলক বই। এতে সহ-লেখক হিসেবে আছেন মেয়ে ইসাবেলা ক্যাথরিন কোবেনকে। প্রকাশক উইলিয়াম মরো জানান, টেলিভিশন ইতিহাসের অন্যতম সফল এই সিটকমে কাজ করার অভিজ্ঞতা এবং পর্দার পেছনের নানা অজানা গল্প নিয়ে নিজের অনন্য ও অন্তরঙ্গ জার্নি তুলে ধরেছেন লিভস।
ইংল্যান্ডের এসেক্সের বাসিন্দা জেন লিভস কর্মজীবন শুরু করেছিলেন ‘দ্য বেনি হিল শো’-তে একজন নৃত্যশিল্পী হিসেবে। এরপর ‘থ্রব’, ‘মার্ফি ব্রাউন’ এবং ‘সাইনফেল্ড’র মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয় করে নজর কাড়েন। তবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৯৩ সালে ‘ফ্রেজার’ সিরিজে ‘ড্যাফনি মুন’ চরিত্রে কাস্টিংয়ের মধ্য দিয়ে। সিরিজে এক খামখেয়ালি কিন্তু দুর্দান্ত আদুরে ফিজিওথেরাপিস্টের চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে ‘হট ইন ক্লিভল্যান্ড’ এবং ড্রামা সিরিজ ‘দ্য রেসিডেন্ট’-এও প্রধান চরিত্রে অভিনয় করেন জেন।
সংস্থাটি আরও জানায়, যারা ‘ফ্রেজার’ দেখে বড় হয়েছেন এবং নতুন যে প্রজন্ম এখন এটি দেখছে, সবার জন্যই ‘ড্যাফনি অ্যান্ড মি’ একটি অমূল্য উপহার হতে যাচ্ছে। নব্বইয়ের দশকের টেলিভিশনের ‘সোনালি যুগ’ বিশেষ করে ‘চিয়ার্স’, ‘ফ্রেন্ডস’ এবং ‘সাইনফেল্ড’-এর মতো কালজয়ী সিরিজের সময়কালকে যারা পছন্দ করেন, তাদের জন্য পর্দার পেছনের এক দুর্লভ অভিজ্ঞতা দেবে এই বই।
নব্বইয়ের দশকের নস্টালজিয়া এবং হলিউডের পর্দার পেছনের গল্পে ভরা বইটি নিয়ে ইতোমধ্যে পাঠকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
- বিষয় :
- গল্প
