মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে ৯ পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:০৫
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় শুরু হতে যাওয়া গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। কারণ প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে আজকের ম্যাচে একাদশে ব্যাপক রদবদল এনে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, দলের অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না। নকআউটের আগে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে আজ বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হতে পারে। তবে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে জাল অক্ষত রাখা প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আজকেও শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন।
রক্ষণভাগে আজ বড় চমক হিসেবে শুরুর একাদশে থাকছেন অ্যাটলেটিকো মাদ্রিদ বসের ছেলে জুলিয়ানো সিমেওনে। তার সঙ্গে রক্ষণভাগের অন্য তিন পজিশনে খেলবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগ্লিয়াফিকো।
মাঝমাঠে আজ আর্জেন্টিনার হয়ে চলতি বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভান্নি লো সেলসোর। তার সঙ্গে একাদশে ফিরছেন এক্সেকিয়েল পালাসিওস। অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় আজকের ম্যাচে কার্ডের ঝুঁকিতে আছেন লিয়ান্দ্রো পারেদেস, তবে নকআউটের আগে স্কালোনি তাকেও আজ শুরু থেকেই মাঠে নামাচ্ছেন। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে প্লে-মেকার হিসেবে খেলবেন তরুণ নিকোলাস পাজ। স্কালোনির প্রথম পছন্দ না হলেও আজ আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), জুলিয়ানো সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
- বিষয় :
- আর্জেন্টিনা
- জর্ডান
- লিওনেল মেসি
- বিশ্বকাপ ফুটবল
