ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টারস

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টারস
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২২:১০

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬–২৭ এর প্রিলিমিনারি পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টারস এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলের সম্ভাবনা ও সক্ষমতার প্রতিনিধিত্ব করবে। নাভিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজশাহী স্টারস এফসি দেশের নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে।

ড্র অনুযায়ী, প্রিলিমিনারি পর্বের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ।

প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টারস এফসি। টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা দল নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করছে।

ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের ফুটবলপ্রেমীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে।

ক্লাবটির বিশ্বাস, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে।

ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টারস এফসির সভাপতি মোখছেদুল কামাল বাবু বলেন, আমরা শুধু রাজশাহী স্টারস এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×