কেইনদের জন্য স্কুল কামাই দিতে বলে সমালোচিত টুখেল
হ্যারি কেইনদের সঙ্গে ডাগ আউটে টমাস টুখেল। ছবি: গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২২:৩৩
ডিআর কঙ্গোর বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে দুর্দান্ত খেলেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া দলকে দারুণ দুই গোল করে শেষ ষোলোয় নিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংলিশরা সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকোর মুখোমুখি হবে।
তবে ম্যাচটি ব্রিটেন সময় রাত ১টায় মাঠে গড়াবে। হ্যারি কেইনদের ওই ম্যাচ দেখতে প্রয়োজনে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের স্কুল কামাই করার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের জার্মান কোচ টমাস টুখেল। তবে ইংল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়েছেন।
টুখেল বলেছেন, ‘তাদের একটা অজুহাত দেখিয়ে স্কুল কামাই করতে দিন। জীবনে তারা স্কুলে যাওয়ার বহু সময় পাবে। কিন্তু বিশ্বকাপ তো চারবছর পরপর আসবে। তাদের খেলাটা দেখতে দিন। আগামী তিন-চারদিন বড় বড় ম্যাচ আছে। আমাদের পরের ধাপে যেতে সকলের সমর্থন দরকার, বিশেষ করে ছোটদের।’
তবে দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, ‘এটা ছেলে-মেয়েদের পিতা-মাতার ওপর নির্ভর করবে (বাচ্চারা স্কুল কামাই করবে কিনা)। আমরা চাই, সকলেই খেলাটা উপভোগ করুক। কিন্তু সোমবার সকালে তাদের স্কুলে উপস্থিত থাকতে হবে।’
প্রধানমন্ত্রীর মুখপাত্র মজা করে বলেন, ‘শিক্ষা মন্ত্রী জ্যাকি স্মিথ তো দারুণ একটা ফন্দি এঁটেছেন। তিনি রোববার সন্ধ্যার পরে একটা ডিস্কো ঘুম মেরে নেবেন। তারপর রাতে খেলা দেখে, সকালে অফিসে আসবেন। প্রধানমন্ত্রীও অবশ্য জেগে থাকবেন কিনা অন্যদের মতো এমন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন।’
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
