ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আরেকবার রোনালদোদের সমর্থনের অনুরোধ

আরেকবার রোনালদোদের সমর্থনের অনুরোধ
×

পর্তুগাল দলের অনুশীলন। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:৩৪ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২১:৩৭

পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহা মেনে নিচ্ছেন- সমালোচনা হওয়ারই কথা। তাদের ওপর আস্থা হারানোরই কথা। কারণ গ্রুপ পর্বে যে প্রত্যাশা তারা দিয়েছিলেন, সেই অনুযায়ী খেলতে পারেননি। তারপরও আরেকবার পর্তুগালের জন্য গলা ফাঁটানোর অনুরোধ করেছেন পিএসজিতে খেলা সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডার। 

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে পর্তুগাল শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ ও কাতার বিশ্বকাপের তৃতীয় হওয়া মডরিচরা হারলেই বিদায় নেবে। হারলে রোনালদোর শেষ বিশ্বকাপের ইতিও লেখা হবে শেষ ৩২ এ। 

গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে ভিতিনহা বলেন, ‘আমি সন্দেহ ও সমালোচনার কারণ বুঝি। আমরা তাদের দু’হাত প্রসারিত করে স্বাগত জানাই। আমরাও জানি, কখন আমরা খারাপ আর ভালো খেলছি। ভক্তদের আমরা ধন্যবাদ দিতে চাই। তাদের অনুরোধ করতে চাই, আরেকবার আমাদের সমর্থন করুণ, পাশে থাকুন।’ 

গ্রুপ পর্বে পর্তুগাল ডিআর কঙ্গোর বিপক্ষে সমতা করেছে। জিততে পারেনি কলম্বিয়ার বিপক্ষেও। যে কারণে গ্রুপের রানার্স আপ হয়ে নকআউটে এসেছে তারা। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোয়েশিয়াকে। ভিতিনহা জানিয়েছেন, তারা জিততে উন্মুখ হয়ে আছেন, ‘আমরাও এখানে পরিবার, দেশ ছেড়ে এসেছি। ভালো খেলতে ও জিততে আমাদের চেয়ে বেশি কেউ চায় না।’

ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে কাতার বিশ্বকাপেও সমালোচনা ছিল। চলতি বিশ্বকাপেও সমালোচিত হচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। বিশ্বকাপের নকআউট পর্বে তার গোল করতে না পারাও দলকে পিছিয়ে দিচ্ছে। তবে ভিতিনহা ব্যক্তি নয় দলগত ফুটবলের মন দিতে চান, ‘দল থেকে কোন একজনকে আলাদা করে মাপা অসম্ভব। আমরা দলীয় পারফরম্যান্সে মনোযোগ রাখছি। সেরা ফুটবল খেলা থেকে খুব দূরে নই আমরা।’ 

আরও পড়ুন

×