রক্তচাপ মাপার ছবি দেখিয়ে মার্টিনেজ বললেন, ‘এটাই আর্জেন্টিনা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৪:২১ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৪:২৮
মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিনয়রা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসিরা। এমন রোমাঞ্চ আর উত্তেজনায় ভরা ম্যাচে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের রক্তচাপ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও হয়তো সেটা ভালোভাবেই অনুধাবন করতে পারছেন। তাইতো মিসরের বিপক্ষে ম্যাচ শেষ হতেই ভক্ত-সমর্থকদের হাস্যরসের খোরাক জুগিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সটাগ্রামে চারটি ছবি পোস্ট করেছেন মার্টিনেজ। এর সঙ্গে জুড়ে স্ফিগমোম্যানোমিটারের (রক্তচাপ মাপার যন্ত্র) একটি ছবিও।
পোস্টের ক্যাপশনে আর্জেন্টিনার এই প্রাচীর লিখেন, ‘শেষে সবারই তো এমন অবস্থা হয়েছিল, তাই না? এটাই আর্জেন্টিনা।’
শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর মার্টিনেজের সেই পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘাম ছুটিয়ে যাওয়া জয়ের পর প্রিয় দলের গোলরক্ষকের দেওয়া পোস্টে হাস্যরসে মেতে ওঠেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা।
এর আগে আটালান্টায় ম্যাচের শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। এরপর ৬৭ মিনিটে মিসরের হয়ে ব্যবধান বাড়ান মোস্তাফা জিকো। মাঝে পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হলে হতাশা বাড়ে আর্জেন্টিনার।
তবে হাল ছাড়েনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর ১৩ মিনিটের মধ্যে ৩ গোল করে জয়ের কাছাকাছি থাকা মিসরকে স্তব্ধ করে দেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে কোয়ার্টার ফাইনালে পা রাখে আর্জেন্টিনা।