ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চায় হোয়াইট হাউস

ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চায় হোয়াইট হাউস
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২০:১৮ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ২০:২৩

শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের আগে লাল কার্ড দেখা মার্কিন ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় খবরের শিরোনাম হয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফের আলোচনায় তিনি। সেমিফাইনাল শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান তিনি।

আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। সেই ম্যাচের আগেই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-সংক্রান্ত টাস্কফোর্সের নির্বাহী পরিচালক ও হোয়াইট হাউসের বিশেষ সহকারী অ্যান্ড্রু জুলিয়ানি ইংল্যান্ডের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের কথা জানালেন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে জুলিয়ানি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে ইংল্যান্ডের আমেরিকায় এসে এই উদযাপনের মধ্যেই বিশ্বকাপ জেতা একটি দারুণ গল্প হবে।’

১৯৬৬ সালের পর আর কোনো বড় শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। এবার জিতলে দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান হবে থ্রি লায়ন্সদের। ইংল্যান্ডের দীর্ঘ অপেক্ষার বিষয়টি ট্রাম্পের বিশ্বকাপ-সংক্রান্ত প্রতিনিধিরও জানা আছে। তিনি বলেন, ‘আমার জানামতে, ইংল্যান্ড ৬০ বছর ধরে অপেক্ষায়। তারা যদি এবার শিরোপা জেতে, সেটা ভালো হবে। তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকা অন্যতম সেরা দল।’

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এবার ইংল্যান্ড শিরোপা জিততে পারে।’

ফুটবল ও ইংল্যান্ড দলের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের কথাও অকপটে স্বীকার করেন জুলিয়ানি। তার ভাষ্য, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে হ্যারি কেইনকে দারুণ খেলোয়াড় এবং অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছিলেন। তিনি ইংল্যান্ডের এই স্ট্রাইকারের পারফরম্যান্সও নিবিড়ভাবে অনুসরণ করছেন।’

এ সময় জুলিয়ানি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনেরও ভূয়সী প্রশংসা করেন এবং ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো থ্রি লায়ন্সদের বিশ্বকাপ জয়ের পেছনে তাকে ‘প্রধান কারণ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘কেইন ইংল্যান্ড দলের সর্বোচ্চ গোলদাতা। ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে কেইনের। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলিংহামও অসাধারণ ফুটবলার।’

ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আত্মবিশ্বাসী থাকারও পরামর্শ দিয়েছেন জুলিয়ানি। তার ভাষ্য, ‘ইংল্যান্ডকে আমার কাছে খুবই ভারসাম্যপূর্ণ দল মনে হয়েছে। তাদের আত্মবিশ্বাসী থাকতে হবে, আর কোচের কাজ হবে খেলোয়াড়দের বিশ্বাস করানো যে তাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে।’

আরও পড়ুন

×