ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

যে কারণে ফাইনালে মেসিকে ম্যান-মার্কিং করবে না স্পেন

যে কারণে ফাইনালে মেসিকে ম্যান-মার্কিং করবে না স্পেন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৫:২৩

বিশ্বকাপের মহারণে লিওনেল মেসি যেমন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা, তেমনি প্রতিপক্ষের সবচেয়ে বড় আতঙ্ক। স্বাভাবিকভাবেই মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা করার কথা স্পেনের। কিন্তু স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানালেন, মেসিকে আটকাতে কোনো ফুটবলারকে আলাদা করে দায়িত্ব দেওয়া হচ্ছে না। বরং পুরো দল মিলে মেসির ওপর কড়া নজর রাখার পরিকল্পনা করেছে তারা।

ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন দে লা ফুয়েন্তে। এ সময় দুই দশক আগের এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন স্পেনের অভিজ্ঞ এই কোচ।

মেসিকে কেন ম্যান-মার্কিং না করার কারণ জানাতে গিয়ে মেসির পেশাদার ক্যারিয়ার শুরুর আগের একটি ঘটনা তুলে ধরেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘যখন আমি সেভিয়ার বয়সভিত্তিক দলকে কোচিং করাই, তখন প্রথম মেসিকে দেখি। আমরা ম্যাচ খেলতে বার্সেলোনায় গিয়েছিলাম। মেসি নামের একটা বাচ্চা ছেলের ব্যাপারে খুব প্রশংসা শুনছিলাম তখন। তো তাকে আটকানোর জন্য আমার এক খেলোয়াড়কে দায়িত্ব দিলাম। কিন্তু ছেলেটা আগেই হলুদ কার্ড দেখায় ৭০ মিনিটের সময় তাকে আমি উঠিয়ে নেই। তখন পর্যন্ত ম্যাচের স্কোর ০-০। এর পরের ১৫ মিনিটে মেসি আমাদের গুনে গুনে চারটি গোল দিয়েছিল।’

পুরানো সেই অভিজ্ঞতা থেকেই মেসিকে ম্যান-মার্কিং না করার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন কোচ। তার ভাষ্য, ‘এ থেকে কী বোঝা গেলো? আমরা মেসিকে ম্যান-মার্ক করব? উত্তর হলো, না। কিন্তু আমরা কি তার প্রতি বিশেষ মনোযোগ দেব? উত্তর হলো, হ্যাঁ।’

আগামী ২০ জুন বাংলাদেশ সময় রাত একটায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।

এই ম্যাচের আগে মেসির পাশাপাশি আলোচনায় উঠে আসছে বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামালের নাম। এখনই অনেকে তার মধ্যে মেসির ছাপ দেখছেন। তবে মেসির সাথে তুলনা করতে গিয়ে বার্সার এই স্প্যানিশ তারকা ওপর কোনো রকম চাপ সৃষ্টি করতে চান না স্পেন কোচ। তিনি বলেন, ‘মেসি অদ্বিতীয়। বিরল এক প্রতিভা। সবচেয়ে বড় কথা, লাখো তরুণ অ্যাথলেটের জন্য সে অনুকরণীয় আদর্শ। কিন্তু লামিনকে লামিন হিসেবেই বেড়ে উঠতে হবে। আমাদের তার ভালোর জন্য যেটা করা উচিত, তাকে সমর্থন দিয়ে যাওয়া, যে লামিনকে আমরা চিনে এসেছি, তাকে সেই লামিন ইয়ামাল হয়ে থাকতেই সাহায্য করা।’

এদিকে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে চোট পাওয়ায় ফাইনালের আগে ইয়ামালকে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা দূর করেছেন ফুয়েন্তে। ইয়ামাল ফাইনাল খেলার মতো উপযুক্ত অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে উরুতে বেশ কয়েকবার জোরে আঘাত পেয়েছে সে। বক্সের ভেতরেও বেশ কয়েকবার ফাউল করা হয়েছে তাকে, ভালো ব্যথাও পেয়েছিল সে। তবে সে আজ দলের বাকি সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলনে অংশ নিয়েছে।’

আরও পড়ুন

×