মেসিকে টপকে সবার ওপরে এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১০:০৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১১:৩১
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে ইংল্যান্ড ও ফ্রান্স। রোববার রাতের গোলবন্যার সেই ম্যাচে জোড়া গোল এসেছে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পা থেকে। জোড়া গোলের মাধ্যমেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন ফরাসি অধিনায়ক। একইসঙ্গে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে অবস্থান করছেন তিনি।
মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে তাদের চারটি গোল হজমের অভিজ্ঞতা এটাই প্রথম। তবে প্রথমার্ধে কিছু সুযোগ হারানো এমবাপ্পে বিরতি থেকে ফিরেই ৪৮ মিনিটে গোল করে ব্যবধান কমান। এরপর ৬৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। বর্তমানে তার নামের পাশে শোভা পাচ্ছে ২২টি গোল। আর মেসির গোলসংখ্যা বর্তমানে ২১টি। এমবাপ্পের ২২ গোলের এই কীর্তি গড়তে লেগেছে মাত্র ২২টি ম্যাচ। আর মেসি ২১ গোল করেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ ম্যাচ খেলে।
তবে এমবাপ্পের এই কীর্তি অবশ্য বেশিসময় স্থায়ী হওয়ার কথা নয়। বাংলাদেশ সময় সোমবার রাতেই স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই ম্যাচে গোল করে এমবাপ্পেকে টপকে যাওয়ার সুযোগ আছে। আবার মেসি সর্বোচ্চ গোলের নতুন কীর্তি গড়লে এমবাপ্পের সামনেও তাকে পেছনে ফেলার সুযোগ আছে। কারণ মেসি ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপ খেলছেন। এটা হয়তো তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। অন্যদিকে এমবাপ্পে খেলছেন ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। তার সামনে আরও অন্তত একটি বিশ্বকাপ খেলার সুযোগ আছে।
২০১৮ বিশ্বকাপে ৪ গোল এবং ২০২২ বিশ্বকাপে ৮ গোল করা এমবাপ্পে এবারের আসরে করেছেন ১০ গোল। চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে দুই অঙ্কের গোল স্পর্শ করেছেন এমবাপ্পে। ১৯৭০ সালে ১০ গোল করা জার্মান গ্রেট জার্ড মুলারের পাশে বসলেন তিনি। ১৯৫৪ সালে ১১ গোল করে তালিকায় দুই নম্বরে আছেন হাঙ্গেরির সান্দর কোচিশ। এছাড়া ১৯৫৮ সালে ১৩ গোল করে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ফ্রান্সের জুস্ত ফোঁতেনের।
এদিকে এবারের আসরে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে থেকেই নিজের তৃতীয় বিশ্বকাপ মিশন শেষ করলেন এমবাপ্পে। সেই তালিকায়ও তার ঠিক পেছনে রয়েছেন মেসি। বর্তমানে মেসির গোলসংখ্যা এমবাপ্পের চেয়ে দুটি কম, ৮টি। তবে দুজনের নামের পাশেই রয়েছে সমান ৪টি করে অ্যাসিস্ট।