ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আর কত দিন খেলবেন, স্কালোনিকে জানালেন মেসি

আর কত দিন খেলবেন, স্কালোনিকে জানালেন মেসি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৭:১৭

বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হওয়ার পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ৩৯ বছর বয়সেও মাঠের পারফরম্যান্সে ছিলেন তুখোড়। তবে নতুন খবর হলো, মেসি নিজের অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তা কোচ লিওনেল স্কালোনিকেও জানিয়ে দিয়েছেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপাতত জাতীয় দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই মেসির। আর্জেন্টিনা বর্তমানে দল পুনর্গঠনের পথে রয়েছে। কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের বিদায়ের সম্ভাবনা থাকায় তরুণদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন স্কালোনি।

এই পরিবর্তনের সময়ে নিজের অভিজ্ঞতা দিয়ে দলের পাশে থাকতে চান মেসি। তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবলে মানিয়ে নিতে সহায়তা করতেই আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসি স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন, ২০৩০ বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা তার নেই। সে কারণেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে কোচকে তার ওপর নির্ভর না করার পরামর্শও দিয়েছেন তিনি।

এএফএর পরিকল্পনা অনুযায়ী, মেসি যখন আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেবেন, তখন তার সম্মানে দেশের মাটিতে একটি বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে। সেখানে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে পারেন এই কিংবদন্তি। স্কালোনি আগেই জানিয়েছেন, মেসি যত দিন জাতীয় দলের হয়ে খেলতে চান, তত দিন তার জন্য দলের দরজা খোলা থাকবে। তাই শেষ সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে মেসির হাতেই ছেড়ে দিতে চায় আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ।

বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে আট ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। তার নেতৃত্বেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসির অবদান অনন্য। দীর্ঘ অপেক্ষার পর তার নেতৃত্বেই ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে ২৮ বছরের ট্রফিখরা কাটায় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপাও জয় করে আলবিসেলেস্তেরা। জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ, সর্বাধিক গোল ও সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ড মেসির দখলে।

আরও পড়ুন

×