ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গদি বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ ইনফান্তিনো, নাকচ করল যুক্তরাষ্ট্র

গদি বাঁচাতে ট্রাম্পের দ্বারস্থ ইনফান্তিনো, নাকচ করল যুক্তরাষ্ট্র
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৫:৩২

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল হলেও সেই বিতর্কের রেশ কাটেনি। বরং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদন।

প্রতিবেদনটিতে দাবি করা হয়, সাম্প্রতিক সমালোচনা ও চাপের মুখে ইনফান্তিনো নিজেকে ক্রমেই বিচ্ছিন্ন মনে করছেন এবং রাজনৈতিক সমর্থন পাওয়ার আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে সে চেষ্টা সফল না হওয়ায় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলার উদ্যোগ নেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউইয়র্ক পোস্টের দাবি অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) সকালে মার্কো রুবিওর সঙ্গে ইনফান্তিনোর নির্ধারিত ফোনালাপ হওয়ার কথা ছিল। তবে এ দাবি প্রকাশ্যে খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন বলেন, ইনফান্তিনোর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কোনো ফোনালাপের পরিকল্পনাই ছিল না।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনের সমালোচনা করে তিনি লেখেন, ‘প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট সূত্রের তথ্য যাচাই করা উচিত ছিল। প্রয়োজনে তারা সরাসরি আমাদের কাছেও জানতে পারত।’

সম্প্রতি ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং তার ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা সামনে আনেন ইনফান্তিনো। সেই পরিকল্পনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠানের নামও আলোচনায় আসে। তবে উয়েফা, কনকাকাফসহ বিভিন্ন ফুটবল সংস্থা ও সদস্য দেশের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি স্থগিত করতে বাধ্য হয় ফিফা।

এদিকে এই ঘটনার পর ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। উয়েফা ইতোমধ্যে তার প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছে। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনও ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে তারা ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন করবে না। পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও একই ধরনের অবস্থান নেওয়ার পথে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

×