ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৫:০৮ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৫:০৮

ডারউইনে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পরও শেষ ইনিংসে ব্যাটিং ধসের কারণে ইনিংস ও ৩৮ রানে ম্যাচ হেরেছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৬৩ রান করে। একপ্রান্ত আগলে রেখে ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। তার ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলাম করেন ৩১ রান।

জবাবে টিগ উইলির ১৩০ ও জ্যাক ডোরানের ৭৬ রানের সুবাদে ৩৫৫ রান করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪টি, তাসকিন আহমেদ ও মিরাজ ২টি করে এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন। ফলে প্রথম ইনিংসে ৯২ রানের লিড পায় অস্ট্রেলিয়া একাদশ।

এরপর দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। মাত্র ৫৪ রানে ২১.৬ ওভারে অলআউট হয়ে যায় দলটি। তানজিদ হাসান তামিমের ২২ রানই ছিল সর্বোচ্চ। বাংলাদেশের আর কোনো ব্যাটার ১০ রানও করতে পারেননি। স্বাগতিক দলের বোলার ক্যাম্পবেল থম্পসন একাই ধসিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং। মাত্র ১১ ওভারে ২৫ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন তিনি। বাকি দুটি উইকেট নেন কোরি রকিচোলি।

দ্বিতীয় ইনিংসে সাদমান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে শুরুতেই বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন থম্পসন। এরপর তানজিদ ও মিরাজের উইকেটও তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টেনে দেন তিনি।

আরও পড়ুন

×