ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রাভিসদের ভিডিও দেখে কৌশল সাজান হাসান

ট্রাভিসদের ভিডিও দেখে কৌশল সাজান হাসান
×

ছবি- এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৫:৪৭

পুরস্কার বিতরণীতে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানান, প্রথম দিনেই ম্যাচটি হেরে গিয়েছিলেন তারা। ডারউইনে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেলেছিলেন হাসান মাহমুদ। দুরন্ত বোলিংয়ে ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিলেন তিনি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও মূল্যবান ৩ উইকেট নিয়েছেন ডানহাতি এ পেসার।

ডারউইনে দুই ইনিংস মিলিয়ে ১১১ রানে ৯ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, যা তাঁর ক্যারিয়ার-সেরা টেস্ট বোলিং তো বটেই, দেশের বাইরে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংও। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে তাঁর চেয়ে ভালো বোলিং করেছেন মাত্র দুজন। ১৯৯০ সালে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে নেমে ১১ উইকেট নিয়েছিলেন। এ ছাড়া সাবেক ইংলিশ পেসার মরিস টেটও ১৯২৪ সালে ১১ উইকেট নিয়েছিলেন। 

হাসান মাহমুদ অবশ্য দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য ও তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরি টপকে ২৬ বছর বয়সী এ পেসার পুরস্কার জিতে নিয়েছেন। সেই পুরস্কার গলায় পরে হাসান জানান, ধৈর্য ধরে লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করার পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের জয়ের নায়ক বলেন, ‘অনুশীলনে আমরা প্রতিদিন, প্রতিটি সেকেন্ড নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ম্যাচেও সেটাই করার চেষ্টা করেছি। আমাদের মাথায় শুধু এটিই ছিল– যা-ই ঘটুক না কেন, নিজের ওপর আস্থা রাখতে হবে এবং প্রক্রিয়া মেনে চলতে হবে।’

অস্ট্রেলিয়ার প্রত্যেক ব্যাটারের বিপক্ষে আলাদা পরিকল্পনার কথাও জানান হাসান, ‘প্রতিপক্ষের ব্যাটারদের নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। ভিডিও দেখে কোচদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা সাজানো হয়েছিল। মাঠে সেই মতো খেলার চেষ্টা করেছি। আমাদের বোলাররা সবাই ধৈর্য নিয়ে বোলিং করেছি। লাইন-লেন্থ বজায় রেখে আমরা বোলিং করেছি। তাতেই এই সাফল্য।’ 

অথচ এ মুহূর্তে দেশের সেরা পেসার নাহিদ রানা চোটে পড়ার পর চারদিকে হায় হায় রব উঠে গিয়েছিল। অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে রানার দুরন্ত গতির জন্য আফসোসে পুড়ছিল সবাই। অথচ রানার অভাব বুঝতেই দিলেন না হাসান মাহমুদ।

আরও পড়ুন

×