১০০ ছাড়াল ওয়েস্ট ইন্ডিজের রান
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১২:৪১
সিলেট টেস্টের প্রথম সেশনে শুরুতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জোড়া আঘাত ও হাসান মাহমুদের এক উইকেটে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ উইকেটে আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে লাঞ্চের আগে ৩ উইকেটে ৮৬ রান তোলে তারা।
লাঞ্চের পরও সেই জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। দুজনের ব্যাটে ৩০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০১ রান। চতুর্থ উইকেটে জাঙ্গু ও উইকহ্যামের জুটি থেকে এসেছে ৭৪ রান। জাঙ্গু ৪১ এবং অভিষিক্ত উইকহ্যাম ৩৩ রানে অপরাজিত আছেন।
সিলেটের মেঘলা আবহাওয়ায় সকালে পেসারদের জন্য ছিল বাড়তি সুবিধা। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চাপে রাখেন তাসকিন ও হাসান। প্রথমে ব্রেন্ডন কিংকে বোল্ড করে বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন। ৯ রান করে ফিরতে হয় ক্যারিবীয় ওপেনারকে। এরপর হাসান মাহমুদের শিকার হন কাভেম হজ। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা দারুণ এক বলে বোল্ড হন তিনি। কিছুক্ষণ পর জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। ১২ রান করেন ডা সিলভা।
মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া ওয়েস্ট ইন্ডিজকে এরপর সামাল দেন জাঙ্গু ও উইকহ্যাম। দুজনই দেখেশুনে ব্যাটিং করে ধীরে ধীরে দলের রান এগিয়ে নেন।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ ও জোমেল ওয়ারিক্যান।
- বিষয় :
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
- টেস্ট সিরিজ