হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
ছবি- বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৯:১০
শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরেছেন হামজা চৌধুরী। শুধু একাদশে ফেরাই নয়, এবার প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন এই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার। আজ তার নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে দলের সঙ্গে যোগ দেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
বাংলাদেশের একাদশে মোট তিনটি পরিবর্তন আনা হয়েছে। ভুটানের বিপক্ষে খেলার পর অনুশীলনে পায়ে চোট পান বিশ্বনাথ ঘোষ। সেই চোটের কারণে এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, যিনি ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন। এ ছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে খেলবেন ফারহান আলী ওয়াহিদ। অন্যদিকে জামাল ভূঁইয়ার জায়গায় একাদশে ফিরেছেন হামজা।
টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। আসর শুরুর আগে অধিনায়ক হিসেবে তপু বর্মণের নাম ঘোষণা করা হলেও প্রথম ম্যাচের ওয়ার্ম-আপে চোট পেয়ে ছিটকে যান তিনি। পরে নেতৃত্বের দায়িত্ব পান জামাল ভূঁইয়া। এবার হামজার প্রত্যাবর্তনের সঙ্গে অধিনায়কের আর্মব্যান্ডও উঠছে তার হাতে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন হামজা। তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে এটাই তার প্রথম মাঠে নামা।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রাকিব হোসেন, তারিক কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, কাজেম শাহ, সাদ উদ্দিন, শমিত সোম ও মোহাম্মদ ইব্রাহিম।