ইনজুরিতে কলকাতা টেস্ট শেষ সাইফের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৫:২৯
ইন্দোর টেস্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো একাদশে পরিবর্তনের আভাস দিয়েছিলেন। সিনিয়রদের বাদ দিয়ে তরুণদের দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কলকাতার ইডেন গার্ডেনে দিবা-রাত্রির এবং গোলাপি বলের ঐতিহাসিক টেস্টে তাই অভিষেকের খুবই কাছে ছিলেন ওপেনার সাইফ হাসান। কিন্তু ইনজুরিতে তার টেস্ট অভিষেকের অপেক্ষা আরও বাড়লো।
চোটের কারণে কলকাতা টেস্ট থেকে ছিটতে গেছেন তিনি। ইন্দোর টেস্টে না থাকলেও দলের ১২তম সদস্য হিসেবে ফিল্ডিং করতে নামেন সাইফ হাসান। স্লিপে ফিল্ডিং করে নেন দারুণ এক ক্যাচ। ওই ক্যাচ ধরতে গিয়েই আঙুলে ব্যথা পান তিনি। সেই ব্যাথার কারণে বিশ্রামে ছিলেন সাইফ। কিন্তু কলকাতা টেস্ট ঘনিয়ে আসতে জানা গেল তার আঙুলের ব্যথা এখনও কমেনি। তিনি তাই ইডেন গার্ডেনে খেলার অবস্থায় নেই।
সাইফের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে, পুরো পুরি সেরে ওঠার জন্য তাকে বিশ্রাম দিলেই বরং তিনি বেশি উপকৃত হবেন। তার ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।'
ইন্দোর টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দলের টপ অর্ডারে পরির্বতন অপরিহার্য হয়ে উঠেছিল। প্রথম টেস্টের দুই ইনিংসে দুই ওপেনার ইমরুল কায়েস এবং সাদমান মিলে করেন ২৪ রান। বাংলাদেশ দলে তাই সাইফের অভিষেক সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু কলকাতা টেস্টেও ইমরুল এবং সাদামানে ভরসা রাখতে হবে দলের।
