ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

প্যারাট্রুপারে আসবে গোলাপি বল

প্যারাট্রুপারে আসবে গোলাপি বল
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০১:৫৭

ইডেনে টস শুরুর ঠিক আগে দেখা যাবে অভিনব এক দৃশ্য। ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা প্যারাট্রুপারে দুটো গোলাপি বল হাতে নিয়ে নেমে আসবেন মাঠে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে বল দুটি তুলে দেবেন তারা। দুই অধিনায়ক দর্শকদের উদ্দেশে তুলে ধরবেন গোলাপি বল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বল দেবেন তারা।

বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচটিকে ঐতিহাসিক রূপ দিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর এই বিশেষ উদ্যোগ। টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতিতে মাঠে সেট ফেলে আয়োজন করা হবে টকশো। রাহুল দ্রাবিড়, অনীল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার এই বিশেষ টকশোতে অংশগ্রহণ করবেন।

২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা টেস্ট ম্যাচ ও গোলাপি বল নিয়ে কথা বলবেন তারা। চা বিরতির সময় ভারতের সাবেক অধিনায়কদের ইডেন গার্ডেনস গলফ কার্টারে করে ঘুরিয়ে দেখানো হবে। আর দিনের খেলা শেষে গঙ্গার জল থেকে বিচ্ছুরিত হবে গোলাপি রঙের ফোয়ারা, যা ইডেনে বসেও দেখা যাবে।

কলকাতা টেস্ট মানেই ইডেন গার্ডেনসের ঐতিহ্য তার ঘড়ি ও ঘণ্টা। স্টেডিয়ামের দক্ষিণ দিকে প্যাভিলিয়নের ওপরে আর প্রেসবক্সের নিচে দেয়ালে সেঁটে রাখা হয়েছে বিশালাকৃতির একটি ঘড়ি। ক্রিকেটাররা মাঠ থেকেও সে ঘড়িতে সময় দেখতে পান। এই ঘড়ির নিচেই ঝুলছে পিতলের বড় একটি ঘণ্টি।ইডেনের ঐতিহ্য অনুযায়ী টেস্ট ম্যাচ শুরু করা হয় এই ঘণ্টি বাজিয়ে। বিশিষ্ট ব্যক্তিত্বরা এই ঘণ্টা বাজান। শুক্রবার বাংলাদেশ-ভারতের ঐতিহ্যবাহী গোলাপি বলের দিবারাত্রির টেস্ট শুরুর ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এই তথ্য দিয়েছে ইডেন গার্ডেনস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×