ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

কলকাতা যেন 'মিনি ঢাকা'

কলকাতা যেন 'মিনি ঢাকা'
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০২:৫২

ভীষণ ব্যস্ত সৌরভ গাঙ্গুলী। কলকাতা টেস্টকে কেন্দ্র করে কত আয়োজন। কত দিকে নজর রাখতে হচ্ছে তার। এরই মধ্যে প্রতিদিন নিয়ম করে একবার ইডেন গার্ডেনসে আসছেন তিনি। বুধবার দুপুরের দিকেও নিজের হোম গ্রাউন্ড ঘুরে গেলেন একবার। বাংলাদেশ দলের তখন প্রস্তুতি শেষ। ঝটিকা সফরে পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে কিছুক্ষণ কথা বলেই চলে গেলেন সৌরভ। বাংলাদেশ বা ভারত কোন দলেরই খেলোয়াড়ের সঙ্গে দেখা করলেন না কলকাতার মহারাজ।

তার মনোযোগ যেন কোন দলের ক্রিকেটার কিংবা অনুশীলনে নয়। বরং কলকাতা টেস্টকে যেসব আয়োজনে রাঙাতে চলেছেন তা পরিপূর্ণ করে তোলার দিকে। আনুষ্ঠানিকভাবে কলকাতার দিবা-রাত্রির টেস্ট শুরু হবে শুক্রবার দুপুর দেড়টায়। টস হবে দুপুর একটায়। কিন্তু ইডেন গার্ডেনসে অনুষ্ঠান শুরু হয়ে যাবে সকাল থেকেই।

দিবারাত্রির টেস্ট ঘিরে জমকালো আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সকালে ইডেন গার্ডেনসে করা হবে অস্থায়ী মঞ্চ, যেখানে নিমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বাংলাদেশের অভিষেক টেস্ট স্কোয়াডের সদস্যরা। ভারতের সাবেক অধিনায়কদেরও সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া থাকবেন বিশিষ্ট কিছু ক্রীড়াবিদও।

ভারতের সাবেক অধিনায়কদের ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সুনীল গাভাস্কার তো থাকবেনই। সঙ্গে যে ক'জন সাবেক অধিনায়ক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের অনেকেই ধারাভাষ্য দেবেন। তবে মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

ইডেনের দিবারাত্রির টেস্টের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বাংলাদেশের দর্শকেও কলকাতা ভরে উঠছে তা বলার অপেক্ষা রাখে না। কলকাতা টেস্টের প্রথম চার দিনের টিকিটি বিক্রি হয়ে গেছে বলে খবর। ওই টিকিটের একটা বড় অংশ নিঃসন্দেহে ঢুকেছে বাংলাদেশের দর্শকদের পকেটে। এই টেস্টে স্বাগতিক তাই শুধু ভারত নয় যেন বাংলাদেশও। কিংবা সব ছাড়িয়ে বাংলাদেশ-ভারতের এই টেস্টের আয়োজনে 'বাঙলা'। আগামী তিন-চার দিনের জন্য পশ্চিমবঙ্গের রাজধানী তাই হয়ে উঠবে 'মিনি ঢাকা'।

দর্শক গ্যালারিতে দেখা যাবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবির বর্তমান কর্মকর্তাদেরও। থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং ক্লাব সংগঠকরা। ভারতীয়দের মতো এই ম্যাচের টিকিটের জন্য মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের দর্শকরাও।

আরও পড়ুন

×