ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

গোলাপি বলে ফিল্ডিং করাও কঠিন: কোহলি

গোলাপি বলে ফিল্ডিং করাও কঠিন: কোহলি
×

ছবি: ইন্ডিয়া টুডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৪:০১

গোলাপি বল তুলনামূলক বেশি শক্ত, সিমে বেশি সেলাই থাকায় পেসাররা বাড়তি সুবিধা পাবেন। ওদিকে বল পুরনো হতে দেরি হওয়ায় স্পিনারদের নিতে হবে ঘূর্ণি তোলার চ্যালেঞ্জ। এছাড়া মুভমেন্টের সঙ্গে সমন্বয় করে বল ব্যাটে আসছে না বলেও মনে করছেন ক্রিকেটাররা। তার সঙ্গে গোলাপি বলে ফিল্ডিং করার চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। যা বাড়িয়ে দিচ্ছে ইনজুরিতে পড়ার শঙ্কাও।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'আমাদের জন্য গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে। আমাদের মধ্যে এই টেস্টের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সময়টা এখন মাইলফলক স্পর্শ করার।'

বাংলাদেশ এবং ভারত দু'দলই আগে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব পেয়েছে। বাংলাদেশকে গোলাপি বলের টেস্টের প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড। ভারত প্রস্তাব পেয়েছিল অস্ট্রেলিয়ার কাছ থেকে। কিন্তু কোহলি কিংবা মুশফিকরা দিবা-রাত্রির টেস্ট খেলার চ্যালেঞ্জ নেয়নি। অস্ট্রেলিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে কোহলি জানান, 'যখন যেখানেই গোলাপি বলের টেস্ট হোক তার আগে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। একটা বড় সিরিজে হুট করেই দিবা-রাত্রির টেস্ট হবে এমন প্রস্তাব অমুলক।'

কোহলি মনে করেন সেই হিসেবে বাংলাদেশ-ভারতের দিবা-রাত্রির টেস্টের আগে অনেকটা সময় পেয়েছে দু'দল। এটাকে তাই হঠাৎ গোলাপি বলের টেস্ট বলা চলে না। তবে কোহলি মনে করেন, এটা তাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে। শিশির প্রভাব ফেলবে। বিশেষ করে তৃতীয় সেশনে ম্যাচে শিশির বড় প্রভাব ফেলবে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।

কোহলি আলাদা করে ফিল্ডিং নিয়ে কথা বললেন। গোলাপি বলের টেস্টে পেস বোলিং, স্পিন বোলিং কিংবা ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়েই কথা হচ্ছে বেশি। কিন্তু কোহলি ফিল্ডিং করা কত কঠিন হবে তারও একটি ধারণা দিলেন, 'অনুশীলনে গোলাপি বলে ফিল্ডিং সেশন ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম। এই বলে ফিল্ডিং করা কত কঠিন দেখলেই দর্শকরা অবাক হয়ে যাবেন। লাল বলের চেয়ে এই বলের ওজর বেশি না। কিন্তু মনে হচ্ছে অনেক বেশি ভারী।'

স্লিপে ফিল্ডিং করা এবং বল থ্রো দেওয়াও কঠিন বলে উল্লেখ করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, 'স্লিপে ক্যাচ দেওয়ার সময় বল খুব জোরে হাতে এসে আঘাত করছে। বাউন্ডারি লাইন থেকে ফিল্ডাররা বল থ্রো করলে তাদের মনে হচ্ছে, বেশি ভারী কিছু তাদের থ্রো দিতে হচ্ছে।' উল্লেখ্য দুই দলের মধ্যে ভারতীয় পেসার মোহাম্মদ শামি দুলিপ ট্রফিতে গোলাপি বলের টেস্ট খেলেছেন।

আরও পড়ুন

×