৭ রানে অলআউট, প্রতিপক্ষ জিতল ৭৫৪ রানে!
প্রতিকি ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৮:০৯
পরপর সাজানো দলের ১১ ক্রিকেটারের নাম। সবার নামের পাশেই একটা কমন সংখ্যা। শূন্য। ওপেনিং থেকে শেষ ব্যাটসম্যান পর্যন্ত দলের কেউ রানের খাতা খুলতে পারেননি। তারপরও দলের সংগ্রহ হয়েছে ৭ রান। প্রতিপক্ষের বোলাররা ওই সাতটি অতিরিক্ত রান দিয়েছে। আর ম্যাচটা তারা জিতেছে ৭৫৪ রানে। জয়ী দল কিন্তু ব্যাট করে তুলতে পারে ৬০৫ রান!
হ্যারিস শিল্ডের ফার্স্ট রাউন্ডের নকআউট ম্যাচের ঘটনা এটি। মুম্বইয়ের আজাদ মাঠে মুখোমুখি হয়েছিল অন্ধেরির চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুল ও বোরিবলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল (এসভিআইএস)। প্রথমে ব্যাট করে এসভিআইএস ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৬০৫ রান। যার মধ্যে মিত মায়েকার একাই করে ১৩৪ বলে ৩৩৮ রান। ৫৬টি চারের সঙ্গে সাতটি ছক্কা মারে মায়েকার।
নির্ধারিত তিন ঘণ্টায় চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের ৪৫ ওভার বোলিং করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ৬ ওভার কম বল করতে পারে তারা। জরিমানা হিসেবে তাদের উপর চাপিয়ে দেওয়া হয় আরও ১৫৬ রান। চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের সামনে পাহাড়সম ৭৬১ রানের লক্ষ্য দাঁড়ায়।
জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের খেলোয়াড়রা একে-একে শূন্য রানে আউট হয়। এসভিআইএস-এর বোলাররা অতিরিক্ত সাত রান দিয়ে দেন। ছয়টি ওয়াইড ও একটি বাই রান। চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের ব্যাটসম্যানরা মাত্র ৬ ওভার ক্রিজে থাকতে পারে। ম্যাচ শেষে একটা প্রশ্ন অবশ্য উঠছে। জরিমানার রান চাপিয়ে দেওয়ায় ইচ্ছাকৃতভাবে ওয়েলফেয়ার স্কুলের ক্রিকেটাররা শূন্য রানে আউট হয়ে ফেরেনি তো?
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ভারত
- ৭ রানে অলআউট
