ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস নেই: বাশার
ক্রীড়া প্রতিবেদক, কলকাতা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০২:০৭
ফোকাসটা কিছুতেই ব্যাটিংয়ে ধরে রাখতে পারছে না। ইন্দোর থেকে কলকাতায় একই চেহারায় ব্যাটিং। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার মিছিল দেখে বিমর্ষ দর্শক। ভারতের কাছে এই আনন্দ দৃশ্যই বাংলাদেশের জন্য হৃদয়বিদারক। হাসিবুল হাসান শান্তর কাছে রক্তে চাপ বাড়ানো ব্যাটিং। ফাহিম মুনতাসির সুমিতের কাছে মন খারাপ হওয়ার দৃশ্য। আর নির্বাচক হাবিবুল বাশার তো কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছিলেন না। তার দৃষ্টিতে ব্যাটম্যানদের আত্মবিশ্বাস তলানিতে। যে কারণে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না।
টস জিতে ব্যাটিং নিয়ে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনিং জুটি ১৫ রানের। ইন্দোরে যেটা ছিল ১২ ও ১০ রানের। কলকাতাতেও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন ইমরুল কায়েস। প্রথম টেস্টের দুই ইনিংসে বাঁহাতি এ ওপেনারের রান ছিল ১২। ইডেনে প্রথম ইনিংসে করলেন ৪ রান। এই স্কোরে যেতেও রিভিউ নিয়ে একবার টিকতে হয়েছে। ইডেনে প্রেস বক্সের সামনে দাঁড়িয়ে ব্যাটসম্যানদের এই আসা-যাওয়া দেখছিলেন নির্বাচক হাবিবুল বাশার।
একটা সময় হতাশ কণ্ঠে বলেই ফেলেন, 'একদম আত্মবিশ্বাস নেই। এই ছেলেগুলোই তো আগে বড় ইনিংস খেলেছে। মুশফিকের ২০০ রানের ইনিংস আছে। মুমিনুলের ব্যাটিং গড় সবচেয়ে ভালো। অথচ টানা তিনটা ম্যাচে খারাপ করছে। মানসিকভাবে কেউই ভালো অবস্থায় নেই। ব্যাটিংয়ের সময় পা নড়ছে না। বলের গতির সঙ্গে তাল রেখে ব্যাট নিচ্ছে না। স্লো রিফ্লেকশনের কারণেই বলের লাইন মিস করছে।'
সেপ্টেম্বরে আফগানিস্তানের কাছে দেশের মাটিতে টেস্ট ম্যাচ হারে বাংলাদেশ। চেনা কন্ডিশনেও স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি তারা। এরপর জাতীয় লিগের ম্যাচ খেললেও আত্মবিশ্বাস ফেরাতে পারেনি। মাঝে অধিকার আদায়ের আন্দোলন, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রভাব ফোকাস কিছুটা কেড়ে নিয়েছে। বাশারের দৃষ্টিতে প্রথমে ব্যাটিং নেওয়া ভুল ছিল না। তার মতে, 'এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো, ইন্দোরের উইকেটের মতো নয়। সেট হলেই বড় ইনিংস খেলা সম্ভব। ব্যাটসম্যানরা তো খেলতেই পারল না।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- কলকাতা টেস্ট