ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

তামিমে ভরসা রাখতে বললেন মাশরাফি

তামিমে ভরসা রাখতে বললেন মাশরাফি
×

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০১:১৬

প্রত্যাবর্তনটা ভালো হলো না তামিম ইকবালের। প্রায় আড়াই মাস পর গতকাল বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে চার বলে মাত্র ৫ রান করেন তিনি। গতকাল ফিরেছেন মাশরাফি মুর্তজাও। সাড়ে পাঁচ মাস পর মাশরাফি প্রত্যাবর্তনও খুব একটা ভালো হয়নি। ব্যাট হাতে ১০ বলে ২ ছক্কায় ১৮ রান করলেও তার মূল কাজ বোলিংয়ে ছিলেন উইকেটশূন্য। দুই তারকার ব্যর্থতার দিনে হেরেছে তাদের দল ঢাকা প্লাটুনও। রাজশাহী রয়্যালস ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তাদের।

মাশরাফির মতে, দীর্ঘদিন পর মাঠে ফেরায় তার মাঝে কিছুটা জড়তা কাজ করেছে। তার বিশ্বাস, কয়েকটা ম্যাচ গেলেই এ জড়তা কেটে যাবে, 'অনেক দিন পর মাঠে নামলাম, কিছুটা জড়তা তো ছিলই। অনেক দিন পর মাঠে নামলে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগেই। দু-তিন ম্যাচ গেলেই সব স্বাভাবিক হয়ে আসবে। ছোটখাটো কিছু চোটও থাকে। তবে অতীতেও এগুলো ওভারকাম করেছি। এখনও আশা করি ঠিক হয়ে যাবে।'

তামিম ইকবালকে নিয়েও দুশ্চিন্তা করা উচিত নয় বলেও মনে করছেন মাশরাফি, 'আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি কিছু চিন্তা করার আছে। শেষ বছরও তামিম অধিকাংশ ম্যাচে এমন অবস্থার ভেতর দিয়েই গেছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, গত আসরে ফাইনালে ম্যাচ জেতানো ইনিংসটি কিন্তু তারই ছিল। দিনের পর দিন তামিম নিজেকে প্রমাণ করে এসেছে।'

বৃহস্পতিবার নিজেদের ম্যাচে হারের জন্য তিনটি রানআউটকে দায়ী করছেন মাশরাফি, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুরো দল একসঙ্গে হয়ে খেলা। যেটা মিসিং ছিল। উইকেট ভালো ছিল। সচরাচর মিরপুরের উইকেট এমনটা পাওয়া যায় না। আমরা ১৬০ রান করার স্টেজে ছিলাম। কিন্তু পরপর দু-তিনটি রানআউটে সে সম্ভাবনা শেষ হয়ে যায়। এখন এটা নিয়ে বড় চিন্তার কোনো কারণ নেই, আবার বড় করে আলোচনারও কিছু নেই।'

ঢাকার ব্যাটিং অর্ডারে কিছুটা ভারসাম্যের অভাব দেখা গেছে। তিন, চার ও পাঁচে অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন না। মাশরাফি অবশ্য এটাকে সমস্যা মনে করছেন না, 'ব্যালেন্স ঠিক আছে। আমাদের দলে যারা তরুণ আছে তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। চাপ থাকবে। এই পরিস্থিতিতে ব্যাটিং করা ওদের জন্য বড় সুযোগ। বিশেষ করে বিভিন্ন দেশের বোলারদের ওরা হ্যান্ডেল করবে।'

আরও পড়ুন

×