লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি ক্লপের
ছবি: মেইল অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৫
লিভারপুলের সঙ্গে সামনে আড়াই বছর চুক্তি ছিল জার্মান কোচ জার্গেন ক্লপের। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে অল রেডসদের সঙ্গে দুর্দান্ত সময় কাটানো ক্লপ তার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। লিভারপুলে তিনি ২০২৪ সাল পর্যন্ত থাকবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি যদি তার চুক্তির পুরোটা সময় লিভারপুলের ডাগ আউটে থাকেন তবে ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কোন ক্লাবে থাকার কীর্তি গড়বেন।
জার্গেন ক্লপ ২০১৬ সালে লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব নেন। এরপর তার অবশ্য দল গোছাতে সময় লেগেছে। প্রথম দুই মৌসুমে ভালো খেললেন তার দল বড় শিরোপা জিততে পারেনি। তবে সর্বশেষ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন তিনি। লিগে শেষ ম্যাচ পর্যন্ত লড়েছেন শিরোপার জন্য। কিন্তু শেষ পর্যন্ত দুইয়ে থেকে শেষ করেছেন। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ এবং ইংলিশ লিগে দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে। অন্যদিকে লিগে দুইয়ে এবং তিনে থাকা লেস্টার সিটি এবং ম্যানসিটির চেয়ে যথাক্রমে আট ও ১৪ পয়েন্ট এগিয়ে আছে। লিভারপুল তাই জার্মান কোচের সঙ্গে নতুন চুক্তি করেছে। ইংলিশ লিগে যখন একের পর এক কোচ চাকরি হারাচ্ছেন তখন ক্লপের সঙ্গে অল রেডসদের নতুন চুক্তি ক্লাবের সুদূরপ্রসারী পরিকল্পনার আভাস দেয়।
এর আগে বিভিন্ন ক্লাবে ক্লপকে দায়িত্ব নেওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিচ্ছেন, জার্মান জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন এমন খবর ছড়িয়েছে। তবে ক্লপ জানিয়ে দেন ২০২২ সালের আগে তিনি লিভারপুল ছাড়ছেন না। এখন সময়টা আরও লম্বা হতে পারে। ক্লপ যদি ২০২৪ সাল পর্যন্ত অল রেডসদের ডাগ আউটে থাকেন তিনি ১৯৭৪ থেকে ১৯৮৩ পর্যন্ত দায়িত্ব পালন করা বব টেইসলির পরে বেশি সময় দায়িত্ব পালন করা কোচ হবেন।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- লিভারপুল
- জার্গেন ক্লপ