তামিমের রাজকীয় ফেরা
তামিম ইকবালের একটি শট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩০
তামিমকে নিয়ে ঢাকা প্লাটুনের অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা বৃহস্পতিবারও কথা বলেছেন। তামিমকে নিয়ে তিনি মোটেও চিন্তিত নয় বলে জানান। বরং নিজের স্বরূপে ফেরা নিয়ে একটু সময় চান অধিনায়ক। মনে করিয়ে দেন, তামিম কিন্তু গত বিপিএলের ফাইনালেও দুর্দান্ত এক ইনিংস খেলেছেন।
সেই তামিম বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরলেন। রানে ফিরলেন রাজকীয়ভাবে। দলের হয়ে খেললেন ৫৩ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস। তার ব্যাটে ভর করে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারা ঢাকা প্লাটুন প্রথমে ব্যাট করে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তুলেছে ১৮০ রানের বড় সংগ্রহ।
ঢাকার ব্যাটিংয়ের শুরুটা এ ম্যাচেও ভালো হয়নি। দলের ২৬ রানে দুই উইকেট হারায় তারা। এর মধ্যে ওপেনার এনামুল হক বিজয় ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন। তিনে নেমে স্পিনার মেহেদি হাসান করেন ১২ রান। এরপর লাউরি ইভান্স ২৩ রান যোগ করেন। তিনি খেলেন ২৪ বল। একপাশে তামিম অবিচল ছিলেন। তার সঙ্গে পাঁচে ব্যাট করতে নেমে লংকান পেস অলরাউন্ডার থিসারা পেরেরা ভালো এক জুটি গড়েন। থিসারা খেলেন ১৭ বলে সাত চার ও এক ছক্কায় ৪২ রানের দারুণ এক ইনিংস। থাকেন অপরাজিত।
তামিম ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে আউট হন। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও চারটি ছক্কা। বাউন্ডারি থেকে ৪৮ রান নেন তিনি। বাকি ২৬ রান আসে তার ডাবল-সিঙ্গেল থেকে। কুমিল্লার হয়ে দাশুন সানাকা এবং সৌম্য সরকার দুটি করে উইকেট নেন। দু’জনই ছিলেন বেশ খরুচে। আফগান স্পিনার মুজিব উর ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বঙ্গবন্ধু বিপিএল-২০১৯
- তামিম
