ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গিবসনই হচ্ছেন টাইগারদের বোলিং কোচ!

গিবসনই হচ্ছেন টাইগারদের বোলিং কোচ!
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৬

চার্ল ল্যাঙ্গেভেল্টকে ছাড়পত্র দেওয়ার একদিন পরই নতুন পেস বোলিং কোচের খোঁজে নামে বিসিবি। এই আলোচনায় প্রথম নাম আসে কুমিল্লা ওয়ারিয়র্সের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ওটিস গিবসনের। এ মুহূর্তে কোনো দেশের জাতীয় দলের সঙ্গে নেই তিনি। বিসিবি সুযোগ দিলে গিবসন সেটা লুফে নেবেন। এরই মধ্যে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, পেস বোলিং কোচ হিসেবে বিসিবিরও প্রথম পছন্দ ওটিস গিবসন। বোর্ডের একজন পরিচালক জানান, পেস বোলিং কোচ হিসেবে এখন পর্যন্ত গিবসনই একমাত্র প্রার্থী। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, বোলিং কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা প্রক্রিয়া অনুসরণ করবেন তারা। একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে। সেখানে ওটিস গিবসনকেও রেখেছেন তারা।

ওটিস গিবসনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন। তার অধীনেই ২০১২ সালের টি২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। আর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২০১৭ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। গেইলদের প্রধান কোচ হওয়ার আগে ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত আবারও ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন।

সেদিক থেকে দেখলে ল্যাঙ্গেভেল্টের চেয়েও বোলিং কোচ হিসেবে গিবসন বেশি অভিজ্ঞ। তাকে মুস্তাফিজদের কোচ করা হলে বোলিং ইউনিটকে শক্তিশালী করতে পারবেন। আকরাম খান বলেন, 'সে ভালো হলে বোর্ড তাকে নিয়োগ দেবে। আর তার চেয়ে ভালো কাউকে পেলে সেই কোচকে নিয়োগ দেবে। গিবসন আলোচনায় আছে, এখন তাকে নেওয়া হবে কি-না সেটা ঠিক করবে বোর্ড। যাকেই নেওয়া হোক শিগগিরই নিয়োগ দেওয়া হবে।'

শেষ পর্যন্ত বিসিবি কর্মকর্তাদের বিবেচনায় গিবসন নির্বাচিত হলে তিনি হবেন জাতীয় দলের দ্বিতীয় ক্যারিবিয়ান পেস বোলিং কোচ। প্রথমজন ছিলেন কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।

আরও পড়ুন

×