ঢাকায় আসতেই রঙহীন বিপিএল
ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৩
বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বে গিয়ে যেন প্রাণ ফিরে পেয়েছিল। রান বন্যায় ভাসছিল ম্যাচ। দর্শক খরা বিপিএল হওয়ার যে শঙ্কা ছিল চট্টগ্রামে গিয়ে তা জেগে উঠেছিল। চট্টগ্রাম পর্বে গিয়ে বিপিএলের চারটি রেকর্ড ইনিংস দেখা গেছে। দারুণ লড়াই করেছে দলগুলো। ১২দিন পরে তাই বিপিএল ঢাকায় ফেরায় শীত উপেক্ষা করে দর্শকে ভরে উঠেছিল শেরে বাংলা স্টেডিয়ামে।
কিন্তু শীতের মধ্যে ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ উত্তাপ ছড়াতে পারেনি। পারেনি দর্শকদের গা গরম করতে। বরং ম্যাড়মেড়ে ম্যাচে আরও যেন শীত জেকে বসে দর্শকদের গায়ে। প্রথমে ব্যাট করে ঢাকা ৯ উইকেটে মাত্র ১২৪ রানে থেমেছে। চট্টগ্রামের মুক্তার আলী এবং রায়ান বার্লের বলে উইকেট খুইয়েছে ঢাকা। এছাড়া ঠান্ডা-বৃষ্টির কন্ডিশনও প্রভাব ফেলেছে।
ঢাকা অবশ্য একশ' রানের আগেই থেমে যাওয়ার শঙ্কায় ছিল। কিন্তু শেষ দিকে ঢাকার দুই পেসার ওয়াহাব রিয়াজ এবং মাশরাফি মর্তুজা রানটা বাড়িয়ে নেন। পাকিস্তান পেসার রিয়াজ খেলেন ১৫ বলে দুই ছক্কায় ২৩ রানের ইনিংস। মাশরাফির ব্যাট থেকে ১২ বলে ১৭ রান আসে। তার আগে ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল সাবধানী ২৭ বলে ২১ রানের ইনিংস খেলেন। মুমিনুল ৩৪ বলে খেলেন ৩২ রানের ইনিংস।
চট্টগ্রামের হয়ে তরুণ বাঁ-হাতি অফ স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ২১ রান দেন। তিনি উইকেট শূন্য থাকেন। মেহেদি রানা ৪ ওভারে খরচা করেন ২৬ রান। মুক্তার আলী তার ৪ ওভারে মাত্র ১৮ রান খরচা করে নেন ২ উইকেট। ঢাকা শিবিরে বড় ধাক্কা দেন রায়ান বার্ল। তিনি ১ ওভার বল করে মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
