এক বছরের 'হাস্যকর' সূচি দিল পিসিবি
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৭
বছরের শুরুতে পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক সূচি বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ এবং টেস্ট সিরিজ। ২০২০ সালে পাকিস্তান তাদের মোট সূচির একটি তালিকা প্রকাশ করেছে। আগামী বছর দুটি বড় টুর্নামেন্ট ও আটটি সিরিজ খেলবে পাকিস্তান। তবে তাদের প্রকাশিত ওই সূচিতে আছে মজার ব্যাপার। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ছাড়া তাদের কোন দ্বিপাক্ষিক হোম সিরিজ নেই।
এশিয়া কাপের আগামী আসর অবশ্য পাকিস্তানে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু জুড়ে দিয়েছে শর্ত। যদি সব দল পাকিস্তানে খেলতে আগ্রহ প্রকাশ করে এবং খেলার মতো পরিবেশ থাকে তবেই পাকিস্তানে হবে এশিয়া কাপ। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে হবে ওই এশিয়া কাপ। টি-২০ বিশ্বকাপ সামনে থাকায় এশিয়া কাপও হবে টি-২০ ফরম্যাটে।
কিন্তু পাকিস্তানে ওই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ভারতের পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এশিয়া কাপ আয়োজনের জন্য এখনও পাকিস্তানের হাতে আছে নয় মাস সময়। কিন্তু ভারত-পাকিস্তানের সংকট রাজনৈতিক বিষয় নিয়ে। সেটা মাত্র নয় মাসে সমাধান হওয়ার কথা স্বপ্নেও হয়তো কেউ ভাবেন না। পাকিস্তানে তাই এশিয়া কাপ হবে সেটাও হয়তো কেউ চিন্তায় আনেন না।
এর বাইরে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের। কিন্তু মজার ব্যাপার হলো তারা কেউ পাকিস্তানে গিয়ে সিরিজ খেলবে না। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের কথা না হয় বাদই থাকল। শুধু টি-২০ বিশ্বকাপের পরে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ রেখেছে পাকিস্তান। অথচ পাকিস্তান বাংলাদেশকে তাদের দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। তারা হোম সিরিজ বাইরে খেলবে না বলে জোর দিয়ে বলছে। অথচ ঘরের মাঠে এই এক বছরে বলতে গেলে জিম্বাবুয়ে ছাড়া তাদের কোন হোম সিরিজই নেই!
পাকিস্তানের ২০২০ সালের সম্ভব্য সূচি:
সময় সিরিজ দল ভেন্যু
জানুয়ারি-ফেব্রুয়ারি দুই টেস্ট এবং তিনটি টি-২০ বাংলাদেশ হোম
জুলাই তিন ওয়ানডের সিরিজ নেদারল্যান্ডস অ্যাওয়ে
জুলাই-আগস্ট তিন টেস্টের সিরিজ ইংল্যান্ড অ্যাওয়ে
আগস্ট দুই টি-২০ সিরিজ আয়ারল্যান্ড অ্যাওয়ে
আগস্ট-সেপ্টেম্বর তিন টি-২০র সিরিজ ইংল্যান্ড অ্যাওয়ে
সেপ্টেম্বর এশিয়া কাপ - হোম
অক্টোবর তিনটি ওয়ানডে এবং টি-২০ দক্ষিণ আফ্রিকা অ্যাওয়ে
অক্টোবর টি-২০ বিশ্বকাপ - অ্যাওয়ে
নভেম্বর-ডিসেম্বর তিনটি ওয়ানডে এবং টি-২০ জিম্বাবুয়ে হোম
ডিসেম্বর-জানুয়ারি দুই টেস্ট ও তিনটি টি-২০ নিউজিল্যান্ড অ্যাওয়ে
