ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বাউচার আসতেই জয় দেখল প্রোটিয়ারা

বাউচার আসতেই জয় দেখল প্রোটিয়ারা
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪২

'একটা জয় আমাদের দরকার ছিল। গেল ক'মাস ধরে টেস্টে আমাদের কঠিন সময় যাচ্ছে। এই জয়ে তাই দলের সবাই খুশি। আমাদের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে, উন্নতি বজায় রাখতে আমরা পরিশ্রম করতে পারি।' ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর বলেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে খারাপ সময় যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তারা। বিশ্বকাপের আগে শ্রীলংকার কাছে টেস্ট সিরিজ হেরেছে প্রোটিয়ারা। দেশটির ক্রিকেটে উন্নতি আনতে নতুন নিয়ম চালু করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় বোর্ড পরিচালক হয়েছেন গ্রায়েম স্মিথ। মার্ক বাউচারকে তিনি দিয়েছেন প্রধান কোচের দায়িত্ব। কোচ হিসেবে তরুণ বাউচার বেছে নিয়েছেন ল্যাঙ্গাভেল্টে-ক্যালিসদের মতো কোচিং প্যানেল।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম পরীক্ষায় পাসও করলেন বাউচার ও তার কোচিং প্যানেল। তুলে নিলেন ১০৭ রানের জয়। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ইংলিশ পেসারদের তোপে পড়ে। কুইন্টন ডি কক দলকে রক্ষা করেন ৯৫ রানের ইনিংস খেলে। দলকে এনে দেন প্রথম ইনিংসে ২৮৪ রান। তবে ফিল্যান্ডার-রাবাদাদের তোপে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৮১ রানে থামে। দক্ষিণ আফ্রিকা পায় ১০৩ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে আবার দক্ষিণ আফ্রিকা ২৭২ রান করে। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭৫ রানের। টেস্টে এই রানকে অসম্ভব বলাই শ্রেয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দারুণ শুরু করে। সামনে আরও একদিন থাকায় উইকেটে টিকে থাকার এবং জয় তুলে নেওয়ার এক চ্যালেঞ্জ হাজির হয় তাদের সামনে। ইংলিশ ওপেনার রোরি বার্নস ৮৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের আশা দেখান। জো ডেনলি-বেন স্টোকরাও ভালো শুরু করেন। ইংল্যান্ড তিন উইকেটে তুলে ফেলে ১৫৮ রান। এরপর ২০৪ রানে হারায় চতুর্থ উইকেট।

অথচ ওই ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৬৮ রানে। রাবাদার তোপে মুহূর্তে ধসে যায় তারা। দক্ষিণ আফ্রিকা পায় তাদের ক্রিকেট অঙ্গনে সুবাতাস ফিরে যাওয়া এক জয়। আর ইংল্যান্ড শেষ ছয়টি অ্যাওয়ে টেস্টের পাঁচটি হারের স্বাদ পায়। সিরিজ পিছিয়ে পড়ে সফরকারীরা। দুই ইনিংসে সাত উইকেট নেন প্রোটিয়া পেসার কাগিসু রাবাদা। জোফরা আর্চার দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট।

আরও পড়ুন

×