পাকিস্তান যেতে রাজি ডমিঙ্গো
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০১:২৩
বাংলাদেশ দলের পাকিস্তান সফর করতে আপত্তি নেই। আপত্তি নেই জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও। তবে সফরটা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। কোচ ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) টি২০ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিসিবি রাজি হলেই সিরিজটা হতে কোনো বাধা থাকবে না।
টি২০ সফরে পরিবেশ পরিস্থিতি ভালো লাগলে পরবর্তী সময় টেস্ট খেলতেও যেতে পারে টাইগার শিবির। শ্রীলংকার মতো দুই ভাগে খেলার পরিকল্পনা বিসিবিরও। এ ব্যাপারে মঙ্গলবার ফোনে রাসেল ডমিঙ্গোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'হ্যাঁ আমি পাকিস্তানে যাব।'
কোচিং স্টাফের সবার মতামত না জানলেও ডমিঙ্গোর বিশ্বাস, কেউ কেউ যেতে রাজি হবে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন নেই বিসিবির; বরং অতিরিক্ত নিরাপত্তা খেলায় বিঘ্ন ঘটাবে বলেই মনে করছে। এ ছাড়া ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- পাকিস্তান সফর-২০২০
